স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট
ছবি: সংগৃহীত
১০:৫৫ পিএম | ০২ আগস্ট, ২০২৬
প্রাপ্তবয়স্ক নারীদের নিজেদের পছন্দ অনুযায়ী ধর্ম গ্রহণ ও বিয়ের স্বাধীনতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, প্রাপ্তবয়স্ক নারীরা তাদের ধর্ম, বিবাহ এবং ভবিষ্যৎ জীবনের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং এ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না।
হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর নিজেদের ইচ্ছায় বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া দুই বোনের করা একটি হেবিয়াস কর্পাস রিটের শুনানির সময় বিচারপতি সন্দীপ জৈন এই পর্যবেক্ষণ দেন।
আদালতে দায়ের করা রিট আবেদন অনুযায়ী, বিশ বছরের দিব্যা ভাটিয়া ওরফে জয়া দিয়া ভাটিয়া এবং পঁয়ত্রিশ বছরের অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়া নামের দুই বোন ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের পছন্দমতো মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের বাবার অমত থাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের যোগসাজশে তাদের জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়।
আদালত জানিয়েছে, এই দাবিগুলো যদি সত্য প্রমাণিত হয়, তবে ওই নারীদের ব্যক্তিগত স্বাধীনতায় বাবা বা অন্য কারও হস্তক্ষেপ তাদের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার যেমন—মর্যাদা, গোপনীয়তা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বায়ত্তশাসনের ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে।
তবে বর্তমান পরিস্থিতিতে আদালতের প্রধান দায়িত্ব হলো দুই বোন স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি কোনো ধরনের অবৈধ আটক বা চাপের মুখে রয়েছেন, তা নিশ্চিত করা।
এই বিষয়ে সত্যতা যাচাই করতে আদালত উত্তর প্রদেশ কর্তৃপক্ষ এবং ওই দুই বোনের বাবাকে আগামী ৬ আগস্ট তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। নির্দিষ্ট ওই তারিখে তাদের হাজির করা না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কারণ দর্শানোর পাশাপাশি ব্যক্তিগত হলফনামা দাখিল করতে হবে। আগামী ৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
টিএ/