শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন
ছবি: সংগৃহীত
০১:০৬ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। রোববার (২ আগস্ট) কলকাতায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। তবে তার পক্ষে দেশে ফেরা সম্ভব হবে কি না, সে তিনি বিষয়ে নিশ্চিত নন।
তসলিমা বলেন, ‘শেখ হাসিনা ফিরতে চান। আমি জানি না তার পক্ষে ফেরা সম্ভব হবে কি না। তবে আমি চাই তিনি ফিরুন। দেশে যেন গণতন্ত্র টিকে থাকে।’
একই অনুষ্ঠানে নিজের দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘আমাকে কেউ ফিরতে দেয়নি। শেখ হাসিনাও ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি। এরপর যারা ক্ষমতায় এসেছেন, তারাও ফিরতে দেননি। শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা সম্ভব হতে পারে, কিন্তু আমার পক্ষে তা সম্ভব নয়।’
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কেও মন্তব্য করেন তসলিমা নাসরিন।
তিনি বলেন, ‘আমরা কখনো জামায়াতে ইসলামকে প্রধান বিরোধী দল হিসেবে দেখিনি। এখন সেটিই দেখছি। আমার মনে হয়, প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ থাকলে ভালো হতো। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এখন জামায়াতে ইসলামী সেই অবস্থানে রয়েছে। এটি কখনোই ভালো লক্ষণ নয়।’
তসলিমার দাবি, জামায়াতে ইসলামী নারীর অধিকার ও সংখ্যালঘুদের অধিকারের বিরোধী। তিনি বলেন, জামায়াত আধুনিক রাষ্ট্রব্যবস্থা চায় না। তারা সপ্তম শতাব্দীর আইন এবং শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। একবিংশ শতাব্দীতে এ ধরনের চিন্তা সমাজের জন্য ইতিবাচক নয়।
তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতি তৈরি হলে সংখ্যালঘু কিংবা নারীরা নিরাপদে থাকতে পারবেন না। বর্তমানে অনেক মুক্তচিন্তার মানুষ ইউরোপে বসবাস করছেন। শুধু আমি নই, আমার মতো আরও অনেকে আছেন। আমরা যদি নিরাপদে দেশে ফিরে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সত্যিকার অর্থে সভ্য হয়েছে।’
কেএন/এসএন