খুলনায় মাদ্রাসাছাত্র হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
খুলনার মুদি দোকানদার ও মাদ্রাসাছাত্র মুসা শিকদার (১৬) হত্যা মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ডাদেশ ও দুজনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ৪ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চারজন হলেন- রূপসা উপজেলার আলাইপুরের বনি আমিন শিকদার (২০), রাহিম শেখ (২১), রাজু শিকদার (২০) ও নুহু শেখ (২৭)। মামলার দায় থেকে খালাস পেয়েছেন জসিম শিকদার (৫৯) ও সিরাজ শিকদার (৫২)। রায় ঘোষণার সময় ছয়জন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
খুলনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় রূপসা উপজেলার আঠারোবেকি নদীতে আলিপুর গ্রামের মুদি দোকানদার ও মাদ্রাসাছাত্র মুসা শিকদারের লাশ পাওয়া যায়। মুদি দোকানে বাকি খাওয়া ও গুলতি মারা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে একদিন আগে বিরোধ হয়েছিল। এ বিরোধ ও মারামারির জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এ ঘটনায় নিহতের বাবা মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী ৬ জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ১৪ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় জেলা জজ আদালতে। বিচারক খুলনার সিনিয়র দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ মামলার শুনানিকালে ২৪ জনের মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পিপি এনামুল হক ও এপিপি এম ইলিয়াস খান। আসামিপক্ষে ছিলেন মো. ফরহাদ আব্বাস ও নিরঞ্জন কুমার ঘোষ।
টাইমস/এইচইউ