‘রামায়ণ’-এ বিনা পারিশ্রমিকে অভিনয় করছেন বিবেক ওবেরয়
ছবি: সংগৃহীত
০৭:১২ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
একসময় বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা ছিলেন বিবেক ওবেরয়। কিন্তু ব্যক্তিগত বিতর্ক ও ক্যারিয়ারের নানা উত্থান-পতনের কারণে দীর্ঘদিন বড় কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।
এবার নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সিনেমাটির জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। নিজের প্রাপ্য পুরো অর্থ ক্যান্সারে আক্রান্ত শিশুদের সহায়তায় দান করার সিদ্ধান্ত নিয়েছেন বিবেক। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই পর্বে নির্মিত ‘রামায়ণ’ সিনেমায় বিদ্যুৎজিহ্বা চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়।
পৌরাণিক কাহিনি অনুযায়ী, বিদ্যুৎজিহ্বা ছিলেন রাবণের বোন শূর্পণখার স্বামী এবং একজন অসুর রাজপুত্র। সিনেমাটিতে এই চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে। বিবেক ওবেরয় প্রযোজক নমিত মালহোত্রাকে জানিয়েছেন, তিনি এই সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নিতে চান না। বরং তার প্রাপ্য পুরো অর্থ যেন ক্যান্সারের সঙ্গে লড়াই করা শিশুদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করা হয়।

একটি বড় বাজেটের সিনেমায় কাজ করেও পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্তের কারণে তিনি ইতোমধ্যেই প্রশংসা পাচ্ছেন। বিবেক ওবেরয় ২০০২ সালে ‘কোম্পানি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। প্রথম ছবিতেই অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান এবং সেরা নবাগত অভিনেতার পুরস্কারও জেতেন। এরপর ‘সাথিয়া’, ‘মাস্তি’, ‘যুবা’সহ একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
তবে ২০০৩ সালে তার ক্যারিয়ারে বড় মোড় আসে। সে সময় সংবাদ সম্মেলন করে বিবেক অভিযোগ করেন, ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার সম্পর্কের কারণে সালমান খান তাকে একাধিকবার ফোন করে হুমকি দিয়েছেন এবং অশালীন ভাষায় কথা বলেছেন। এই ঘটনা পুরো বলিউডে তুমুল আলোচনার জন্ম দেয়।
পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে বিবেক বলেন, ওই ঘটনার পর চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী অনেকেই তার থেকে দূরে সরে যান। ফলে তিনি আগের মতো ভালো কাজের সুযোগ পাননি। পরে তিনি প্রকাশ্যে স্বীকার করেন, বিষয়টি তিনি আবেগের বশে সামলেছিলেন এবং সালমান খানের কাছে ক্ষমাও চান। তবে দুজনের সম্পর্ক আর আগের অবস্থায় ফেরেনি।
এসএ/টিএ