ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে: জবি ভিসিকে শাসালেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত
০৭:২১ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে প্রকাশ্যে কঠোর ভাষায় সতর্ক করতে দেখা গেছে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে। এ সময় তার সঙ্গে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে জাফর আহমেদ উপাচার্যকে উদ্দেশ করে বলেন, ‘আজ ছাত্রশিবির আমাদের ওপর হামলা করেছে। অনেক শিক্ষক এবং প্রশাসনের কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। প্রশাসনের মধ্যে জামায়াত ও আওয়ামী লীগের দোসর রয়েছে। আমরা আপনাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি।’
তিনি আরও বলেন, ‘এটি ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে। এখানে জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগের কোনো অবস্থান থাকতে দেয়া হবে না।’
এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘যারা মব সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের আবাসনসহ বিভিন্ন অধিকার বাস্তবায়নে বাধা দেয়, তাদের এই ক্যাম্পাসে থাকতে দেয়া হবে না।’
উল্লেখ্য, একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় জকসুর ভিপি-জিএস, শিক্ষক, সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরআই/টিএ