© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়!

শেয়ার করুন:
আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা নীরজ পাণ্ডে। এবার কোনো থ্রিলার কিংবা অ্যাকশন সিনেমা নয়, প্রখ্যাত সংগীতশিল্পী রাহুলদেব বর্মণ, অর্থাৎ আর ডি বর্মণের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকেই দেখা যাবে তাদের কোলাবরেশন।

আর ডি বর্মণের বায়োপিকটি পরিচালনা করছেন নীরজ পাণ্ডে। এতে কিংবদন্তি সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার। আর সেই সিনেমাতেই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে।

এর আগে নীরজ পাণ্ডের পরিচালনায় ‘স্পেশাল ২৬’ (২০১৩) ও ‘বেবি’ (২০১৫)-এর মতো সিনেমায় অভিনয় করেছেন অক্ষয়। দুই ছবিই দর্শক ও বক্স অফিসে প্রশংসিত হওয়ায় তাঁদের জুটির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে এক দশকেরও বেশি সময় পর এই জুটির পুনর্মিলন নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে আগ্রহ।



বলিউডের একটি সূত্রের বরাতে জানা গেছে, আর ডি বর্মণের বায়োপিকের একটি বিশেষ চরিত্রে অক্ষয়কে অভিনয়ের প্রস্তাব দেন নীরজ পাণ্ডে নিজেই। পরিচালকের প্রস্তাবে নাকি খুব বেশি সময় নেননি অভিনেতা। প্রথমবার চরিত্রের ন্যারেশন শোনার পরই কাজ করতে রাজি হয়ে যান তিনি। তবে অক্ষয় ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, সেটি এখনো প্রকাশ্যে আনা হয়নি। তাঁর চরিত্রটি ক্যামিও হবে, নাকি সিনেমার গল্পে তুলনামূলকভাবে বেশি সময়জুড়ে থাকবে- এ বিষয়েও নির্মাতারা এখনো মুখ খোলেননি। পুরো বিষয়টি আপাতত গোপন রাখতেই চাইছেন তাঁরা।

তবে সূত্রের দাবি, ফারহান আখতার অভিনীত আর ডি বর্মনের চরিত্রের সঙ্গে অক্ষয়ের চরিত্রের গভীর যোগসূত্র থাকবে। ফলে অক্ষয়ের উপস্থিতি শুধুই চমক হিসেবে নয়, গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরেই আর ডি বর্মণের বায়োপিকের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পীর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ফারহান আখতার।

এর আগে ‘ভাগ মিলখা ভাগ’ (২০১৩) সিনেমায় ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ফারহান। এবারও বাস্তব জীবনের এক আইকনিক ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরার চ্যালেঞ্জ নিতে চলেছেন তিনি।

এসএ/টিএ

মন্তব্য করুন