প্রীতি জিনতার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ক্রিকেটার ব্রেট লি
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ব্রেট লি। অবশেষে সেই গুঞ্জনের জবাব দিলেন তিনি। জানালেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের বাইরে ছিল না।
সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, ‘আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। এটাই সত্য। প্রীতি জিনতা তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। তখন তিনি পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী এবং আমি তাকে অনেক শ্রদ্ধা করি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের গুঞ্জন আমাকে কখনো বিরক্ত করেনি। কারণ, আমি সত্যটা জানতাম। মানুষ নানা রকম জল্পনা করতেই পারে, কিন্তু আমি সেগুলোকে কখনো গুরুত্ব দিইনি।’ ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ব্রেট লি আইপিএলে প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। সেই সময় দুজনকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।

২০১০ সালে সামাজিক মাধ্যমে এ নিয়ে মুখ খুলেছিলেন প্রীতি জিনতা। তিনি লিখেছিলেন, ‘প্রতি বছর ব্রেট লির সঙ্গে আমার প্রেমের গুঞ্জন শোনা এখন পুরোনো খবর হয়ে গেছে। দুঃখিত, এখানে কোনো প্রেমের খবর নেই। আমরা শুধু বন্ধু।’
ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। তবে দুই বছর পর আলাদা হয়ে যান তারা এবং ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন ব্রেট। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে।
অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন এই দম্পতি। কাজের ক্ষেত্রে প্রীতি জিনতাকে ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় দেখা যাবে। এটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএ/এসএন