লন্ডনের কনসার্ট নিয়ে প্রস্তুতি চলছে পূজার
ছবি: সংগৃহীত
০৮:৫০ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘নজর যেন না লাগে’। মুহাম্মদ মিলনের সঙ্গে গাওয়া এ গানটি ইতোমধ্যে ইউটিউবে দুই লাখের বেশি দর্শক-শ্রোতা দেখেছেন ও শুনেছেন বলে জানিয়েছেন শিল্পী। ইতিবাচক সাড়া প্রসঙ্গে পূজা বলেন, 'বর্তমানে ইউটিউবে আগের মতো ভিউ না এলেও গানটি সম্পূর্ণ অর্গানিকভাবেই দর্শকের কাছে পৌঁছেছে। পাশাপাশি টিকটকেও গানটি ব্যবহার করে রিলস তৈরি করছেন অনেকেই। গানটির অভাবনীয় সাড়ায় আমি মুগ্ধ। আমি আশাবাদী গানটি আরও ছড়িয়ে পড়বে।'
নতুন গান প্রসঙ্গে পূজা জানান, দুর্গাপূজা উপলক্ষে তিনি একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। শিগগিরই এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। এ ছাড়া কাজী শুভর সঙ্গে দুটি নতুন গান করেছেন তিনি। মুহাম্মদ মিলনের সঙ্গে তার আরও একটি নতুন দ্বৈত গান গান আসছে।

এদিকে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। বর্ষার কারণে আউটডোর কনসার্ট কম হলেও বিভিন্ন করপোরেট ইনডোর শোতে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি গুলশান ও উত্তরায় কয়েকটি অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। ৫ আগস্ট খাগড়াছড়িতে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা থাকলেও আয়োজকদের সঙ্গে মতের অমিল হওয়ায় সেটি আর হচ্ছে না বলে জানান তিনি।
অন্যদিকে, দেশের বাইরে অনুষ্ঠান নিয়েও পরিকল্পনা চলছে পূজার। সম্প্রতি স্বামী শুভংকর সেনের জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় এক সপ্তাহের ছুটি কাটিয়ে এসেছেন। আর আসন্ন দুর্গাপূজায় লন্ডনে কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে। সে জন্য ইতোমধ্যে ভিসা প্রক্রিয়াও শুরু করেছেন বলে জানান শিল্পী।
এসএ/টিএ