© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার দক্ষিণী সিনেমায় মধুমিতা

শেয়ার করুন:
এবার দক্ষিণী সিনেমায় মধুমিতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
বাংলার গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী সিনেমায় নিজের পরিচয় তৈরি করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তেলুগু ছবি ‘মায়া লেডি’-তে অভিনয়ের মাধ্যমে নতুন ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। এই সিনেমায় মধুমিতার বিপরীতে দেখা যাবে ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা রাকেশ ভারেকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন সিনেমার ঝলক প্রকাশ করেছেন মধুমিতা। ছবির বিশেষ মুহূর্ত শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘মায়া লেডি’ তাঁর জন্য একটি বিশেষ কাজ। এর মাধ্যমে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।



‘মায়া লেডি’ একটি রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। প্রেমের গল্পের পাশাপাশি এতে থাকবে রহস্য ও অ্যাকশনের সমন্বয়। ছবিটি পরিচালনা করছেন প্রশঙ্কর। প্রযোজনায় রয়েছে রাকেশ ভারের প্রযোজনা সংস্থা ক্রেজি অ্যান্টস প্রোডাকশন। সিনেমার গান ও আবহ সংগীত তৈরি করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক বিশাল চন্দ্রশেখর।

জানা গেছে, শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ওকে ওকা আশা’। পরে গল্প ও পরিকল্পনায় পরিবর্তনের সঙ্গে নাম বদলে রাখা হয় ‘মায়া লেডি’। নির্মাতাদের আশা, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের কারণে ছবিটি দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করবে।

এদিকে, মধুমিতা বর্তমানে বাংলাদেশে তাঁর প্রথম সিনেমার শুটিং করছেন। ‘গুলশানের চামেলি’ নামের এই ছবিটি পরিচালনা করছেন মহম্মদ ইকবাল। এটি তাঁর ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন অভিনেত্রী।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম দোলা’, ‘বোঝে না সে বোঝে না’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া মধুমিতা পরে বড়পর্দা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন। ‘চিনি’, ‘কুলের আচার’-এর মতো সিনেমায় অভিনয়ের পর এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন তিনি। নতুন এই যাত্রায় মধুমিতা কতটা সাফল্য পান, সেটিই এখন দেখার অপেক্ষা।

এসএ/টিএ

মন্তব্য করুন