© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ হারানো এনসিপি নেতাকে বগুড়ায় আদালতের সামনে ছাত্রদলের ডিম নিক্ষেপ

শেয়ার করুন:
পদ হারানো এনসিপি নেতাকে বগুড়ায় আদালতের সামনে ছাত্রদলের ডিম নিক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ পিএম | ০৫ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ভোরে ঢাকা থেকে গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও সমর্থকরা তার বিরুদ্ধে স্লোগান দেন এবং তাকে বহনকারী ডিবির মাইক্রোবাস লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট দেন এনসিপির তৎকালীন যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে তিনি তা মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই তানভীরের ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, মামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকার মিরপুরের মণিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি।

এসএন 

মন্তব্য করুন