© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা: হাইকোর্ট

শেয়ার করুন:
স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা: হাইকোর্ট
own-reporter
০৯:২১ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২০

দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন মর্মে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

১৯৯৬ সালে খুলনার আদালতে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এক হিন্দু বিধবার দেবর জ্যোতিন্দ্রনাথ মন্ডল। মামলার বাদী দাবি করেন, বিধবারা স্বামীর কৃষি জমির ভাগ পাওয়ার অধিকার রাখে না।

ওই মামলায় বিচারিক আদালত রায়ে বলেন, বিধবারা স্বামীর অ-কৃষি জমিতে অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না।

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পরে উভয়পক্ষের দীর্ঘ শুনানি এবং বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে হাইকোর্ট বুধবার রায় দিয়েছেন যে, হিন্দু বিধবা নারীরা অ-কৃষি জমির মতো স্বামীর কৃষি জমির ভাগও পাবেন।

১৯৩৭ সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে, স্বামীর অকৃষি জমির অধিকার দেওয়া হলেও কৃষি জমি থেকে বঞ্চিত করা হয় তাদের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন হাইকোর্ট। বুধবারের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন