© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা

শেয়ার করুন:
‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ০৫ আগস্ট, ২০২৬
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মানেই মার্জিত রূপ ও স্নিগ্ধ ব্যক্তিত্ব। তবে সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবির শুটিং শুরুর আগে অভিনয়ের খাতিরে নিজের শান্ত রূপ ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে মন খুলে গালাগাল দিয়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রামলীলা’ ছবিতে নাম ভূমিকার জন্য দীপিকাকে তৈরি করার দায়িত্ব পড়েছিল জয়তী ভাটিয়ার ওপর। লক্ষ্য ছিল একটাই- দীপিকাকে তার লাজুক ও আড়ষ্ট খোলস থেকে বের করে আনা, যাতে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে তিনি সব ধরনের জড়তা কাটিয়ে উঠতে পারেন। জয়তী জানান, পরিচালক তাকে সাত দিনের একটি বিশেষ ওয়ার্কশপের পরিকল্পনা করতে বলেন।



সেখানেই একটি অনুশীলনের অংশ হিসেবে দীপিকাকে মনের সব সংকোচ ভুলে গালাগাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওয়ার্কশপের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জয়তী বলেন, বানসালির অফিসের বারান্দায় দীপিকাকে দাঁড় করিয়ে তিনি নিচে না তাকিয়ে খোলা গলায় চিৎকার করে গালাগাল দিতে বলেছিলেন।

জয়তীর ভাষ্য মতে, দরজা খুলে দীপিকা যখন গালাগাল দিতে শুরু করল, আমি যেখানে থামতে বলেছিলাম ও সেখানেও থামেনি। এমন সব গালাগাল দিল, যা আমি জীবনে কখনো শুনিনি।

মনের ভেতরে লুকিয়ে রাখা সব ক্ষোভ যেন এক নিমেষে বের হয়ে এলো। আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ওয়ার্কশপের সময়েই জয়তী উপলব্ধি করেন, ‘ককটেল’ সিনেমার সাফল্যের পর দীপিকা একজন নির্ভীক ব্যক্তিতে পরিণত হয়েছেন। ফলে সাত দিনের ওয়ার্কশপ চার দিনেই শেষ করে শুটিং শুরু করার পরামর্শ দেন তিনি।
তবে ঘটনার অন্তরালে ছিল অন্য এক গল্প।

জয়তী ভাটিয়া জানান, ওই সময়টাতে দীপিকা তীব্র মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেট বা কাজের জায়গায় নিজের সেই কষ্টের বিন্দুমাত্র আঁচ লাগতে দেননি এই তারকা, বজায় রেখেছিলেন শতভাগ পেশাদারত্ব।

এসএ/টিএ

মন্তব্য করুন