© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

শেয়ার করুন:
আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি
own-reporter
০৯:৪২ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২০

হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। এ নিয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।

সংবিধান অনুযায়ী বুধবার রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। শপথের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত দু’জন বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এই নিয়োগ সম্পর্কিত প্রজ্ঞাপনে জানানো হয় শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি তারিক উল হাকিম: ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই বিচারপতির বাবাও ছিলেন বিচারপতি। নাম বিচারপতি মাকসুম উল হাকিম। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বিচারপতি ওবায়দুল হাসান: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এরও চেয়ারম্যান ছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন