© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাফর ইকবালের সঙ্গে প্রেম প্রসঙ্গে ববিতা‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত’

শেয়ার করুন:
‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ পিএম | ০৫ আগস্ট, ২০২৬
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি জাফর ইকবাল-ববিতা। রুপালি পর্দার এই যুগল ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৪০টি সিনেমায় অভিনয় করেছেন। দুজনের প্রেম নিয়ে বিনোদনপাড়ায়ও গুঞ্জনের শেষ ছিল না। দীর্ঘদিন পর এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন কিংবদন্তি এই চিত্রনায়িকা। 

প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে কখনোই বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না বলে জানান তিনি। ববিতার ভাষায়, ‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত।’ 

অভিনেত্রী বলেন, ‘একেবারে অল্প বয়সে আমি আর ইকবাল একসঙ্গে ছবিতে অভিনয় করি। একটানা অনেক ছবিতে অভিনয় করেছি। সেই সময় আমার বয়স ছিল ১৫ কি ১৬ বছর। ওই বয়সে কিশোর-কিশোরী মন, যা দেখি সবই ভালো লাগে- এ রকম অবস্থা। জাফর ইকবাল ছিল মোস্ট হ্যান্ডসাম বয়। খুব ভালো গান গাইত। এককথায় সুপার স্মার্ট যাকে বলে সেটাই ছিল সে। একই সঙ্গে খুব ভদ্রও। ওই সময় একসঙ্গে কাজ করতে ভালো লাগত। দর্শকেরাও আমাদের খুব পছন্দ করতে শুরু করল। পত্রপত্রিকাও আমাদের নিয়ে লেখালেখি করতে মজা পেত। আমরাও এসব বেশ এনজয় করতাম। একটা সময় সহকর্মী থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম-ভালোবাসায় সম্পর্ক গড়ায়।’ 



জাফর ইকবালকে তিনি তার সময়ের সবচেয়ে স্মার্ট, সুদর্শন ও ভদ্র অভিনেতা হিসেবে উল্লেখ করেন। শুধু অভিনয় নয়, গান ও গিটার বাজানোর প্রতিও জাফর ইকবালের আগ্রহ অভিনেত্রীকে মুগ্ধ করেছিল বলে জানান তিনি। 

ববিতা জানান, শুটিংয়ের ফাকে অন্যরা আড্ডা দিলেও ববিতা-ইকবাল প্রায়ই গান গাইতেন। জাফর ইকবাল তাকে গিটার বাজিয়ে ইংরেজি গানও শিখিয়েছিলেন। দর্শকেরাও তাদের জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন। 

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে ভুল- বোঝাবুঝি তৈরি হয়। এরপর দুজনই আলাদা আলাদা সহশিল্পীর সঙ্গে সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ববিতা স্পষ্ট করে বলেন, তাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি, কিন্তু প্রেমের সেই অধ্যায় স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যায়। তিনি বলেন, ‘প্রেম হলেই তো বিয়ে করতে হয় না।’ 

আলাউদ্দিন আলীর সুর ও সংগীতে এবং মনিরুজ্জামান মনিরের লেখা ‘সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারও ঘরণী’ এমন কথার একটি গান গেয়েছিলেন জাফর ইকবাল। কারো কারো মতে, ববিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে তাকে উদ্দেশ্য করেই গানটি গেয়েছিলেন এই নায়ক। তবে এই প্রচলিত ধারণাটি পরবর্তীতে ববিতা নিজেই নাকচ করে দেন। তার দাবি, বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন করলে জাফর ইকবাল নিজেই জানিয়েছিলেন, গানের স্রষ্টাদের পরিকল্পনার কারণেই তিনি গানটি গেয়েছিলেন এবং সবার এমন ধারণা তৈরি হয়েছিল। 

জীবনের শেষ দিকে জাফর ইকবালের সঙ্গে আবারও এক ছবির শুটিংয়ে দেখা হয়েছিল বলে জানান ববিতা। তখন অভিনেতাকে অসুস্থ ও অগোছালো মনে হয়েছিল তার। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে জাফর ইকবালের মৃত্যুর খবর পান। অসুস্থ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যেতে না পারলেও তার মৃত্যুর পর এফডিসিতে শেষবারের মতো সহশিল্পীকে দেখতে গিয়েছিলেন এই অভিনেত্রী।  

এসএ/টিএ

মন্তব্য করুন