© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৪ বছরে দ্বিগুণের বেশি দামে ফ্ল্যাট বিক্রি মাধুরীর

শেয়ার করুন:
১৪ বছরে দ্বিগুণের বেশি দামে ফ্ল্যাট বিক্রি মাধুরীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২২ পিএম | ০৫ আগস্ট, ২০২৬
মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় থাকা আরও একটি ফ্ল্যাট বিক্রি করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও তার স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। প্রায় ১৪ বছর আগে কেনা এই সম্পত্তি বিক্রি করে বড় অঙ্কের মুনাফা করেছেন এই তারকা দম্পতি। সম্পত্তির মূল্য বেড়ে প্রায় দ্বিগুণেরও বেশি হওয়ায় বিক্রির পর আলোচনায় এসেছে তাদের এই লেনদেন।

সম্পত্তির নথি অনুযায়ী, জুহু ভিলে পার্লে ডেভেলপমেন্ট স্কিমের মিলিটারি রোডে অবস্থিত ‘আইরিস পার্ক’ আবাসনের নিচতলার ফ্ল্যাটটি ৪ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৭৭৪ বর্গফুট কার্পেট এলাকার এই ফ্ল্যাটের নতুন মালিক হয়েছেন সচিন শেখর শেট্টি। বিক্রয় নিবন্ধন সম্পন্ন হয় ২০২৬ সালের ৩ জুলাই। এ লেনদেনে ২৬ লাখ ৪০ হাজার টাকা স্ট্যাম্প শুল্ক এবং ৩০ হাজার টাকা নিবন্ধন ফি পরিশোধ করা হয়েছে।

নথিতে আরও দেখা যায়, ২০১২ সালের ৪ জুন মাধুরী ও শ্রীরাম নেনে ১ কোটি ৯৪ লাখ টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন। সেই হিসাবে প্রায় ১৪ বছরে সম্পত্তিটির মূল্য বেড়েছে প্রায় ১২৭ শতাংশ এবং বিক্রির মাধ্যমে তারা আড়াই কোটি টাকারও বেশি অতিরিক্ত মূল্য পেয়েছেন। তবে ফ্ল্যাটটির সঙ্গে থাকা পার্কিংয়ের স্থানটি এর আগেই, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর, অন্য এক ক্রেতার কাছে আলাদাভাবে বিক্রি করা হয়েছিল।

গত আট মাসে এটি নেনে দম্পতির বিক্রি করা তৃতীয় সম্পত্তি। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে জুহুর একই আবাসনে অবস্থিত ৭৮০ দশমিক ১৩ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট ৩ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি করেন তারা। প্রায় ১৩ বছর আগে কেনা সেই ফ্ল্যাটটির মূল্যও সময়ের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

শুধু আবাসিক সম্পত্তিই নয়, চলতি বছরের জুন মাসে অন্ধেরি পশ্চিমের ওশিয়ারায় অবস্থিত ‘মোরিয়া ল্যান্ডমার্ক ২’ ভবনের একটি অফিসও বিক্রি করেন মাধুরী। প্রায় ১ হাজার ৬০০ বর্গফুটের সেই অফিস বিক্রি হয় ৪ কোটি ৮৫ লাখ টাকায়। প্রায় ১৮ বছর আগে মাত্র ৫২ লাখ ৫০ হাজার টাকায় কেনা সম্পত্তিটির মূল্য এ সময়ে বেড়েছে প্রায় ৮২৪ শতাংশ। অফিসটি কিনেছে ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড।

মুম্বাইয়ের অন্যতম আকর্ষণীয় আবাসিক এলাকা হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত জুহু। সমুদ্রের কাছাকাছি অবস্থান, চলচ্চিত্র স্টুডিওগুলোর সঙ্গে সহজ যোগাযোগ এবং বিলাসবহুল আবাসনের কারণে বহু তারকা, প্রযোজক ও নির্মাতার পছন্দের ঠিকানা এই এলাকা। স্থানীয় সম্পত্তি বাজার সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে জুহুতে প্রতি বর্গফুট আবাসনের দাম ৬০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে রয়েছে।

সম্পত্তির মূল্যবৃদ্ধির এই ধারাবাহিকতা এবং সাম্প্রতিক একাধিক বিক্রির মাধ্যমে মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনের সম্পত্তি বিনিয়োগ আবারও আলোচনায় উঠে এসেছে।

এসএ/টিএ

মন্তব্য করুন