© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার মামলার সাক্ষী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

শেয়ার করুন:
খালেদা জিয়ার মামলার সাক্ষী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ০৫ আগস্ট, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ‘জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার’ অভিযোগ রয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফেরার পর থেকেই জগলুল পাশাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশা গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এ ছাড়া, ২০১৩ সালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআই/টিএ


মন্তব্য করুন