© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য চায় ভারত-রাশিয়া

শেয়ার করুন:
২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য চায় ভারত-রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৮ এএম | ০৬ আগস্ট, ২০২৬
ভারত ও রাশিয়া ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে কাজ করছে। একই সঙ্গে দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বিশেষ করে ভারতের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার কাজ এগিয়ে চলছে। এছাড়া রাশিয়ায় দক্ষ ভারতীয় কর্মীদের কর্মসংস্থানের সুযোগও দ্রুত বাড়ছে।

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বুধবার এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট যৌথভাবে ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছেন।

সেই লক্ষ্য বাস্তবায়নে উভয় দেশ কাজ করছে। রাষ্ট্রদূত জানান, বর্তমানে যেসব খাতে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য হচ্ছে, সেসব খাতে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে নতুন নতুন খাতে সহযোগিতার সুযোগও খুঁজে দেখা হচ্ছে, যাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হয়।

বিনয় কুমার বলেন, দুই দেশের কৌশলগত অংশীদারত্বে জ্বালানি সহযোগিতা এখনো অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

তিনি জানান, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসআতোম ভারতের তামিলনাড়ু রাজ্যের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য, বিদ্যুৎকেন্দ্রটির ৩ ও ৪ নম্বর ইউনিটের নির্মাণকাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আরো বলেন, গত কয়েক বছরে রাশিয়ায় ভারতীয় দক্ষ কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, উৎপাদনসহ বিভিন্ন খাতে ভারতীয় পেশাজীবীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, দুই থেকে তিন বছর আগে রাশিয়ায় ভারতীয় কর্মীর সংখ্যা ছিল প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার। বর্তমানে সেই সংখ্যা বেড়ে এক লাখেরও বেশি হয়েছে। বিনয় কুমার বলেন, চলতি বছরের শেষ দিকে ভারত-রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুই দেশের চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি নতুন লক্ষ্য নির্ধারণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও আলোচনা হবে।

রাষ্ট্রদূতের এই মন্তব্য এসেছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে। ২০২৬ সালে ব্রিকসের চেয়ার দেশ হিসেবে ভারত আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলনের আয়োজন করবে। সম্মেলনে অংশ নিতে ভারত রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস শীর্ষ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি পুরোদমে চলছে।

আরআই/টিএ

মন্তব্য করুন