ভারত আমাদের মা, আর পাকিস্তান মাসি: সানি দেওল
ছবি: সংগৃহীত
১২:০১ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
নিজের আসন্ন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’ মুক্তির প্রাক্কালে প্রতিবেশী দেশ পাকিস্তান নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল।
ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশটি নিয়ে কথা বলতে গিয়ে ‘সিং সাব দ্য গ্রেট’ খ্যাত এই অভিনেতা বলেন, ভারত ও পাকিস্তানের একটি যৌথ ইতিহাস রয়েছে এবং সে কারণেই তিনি কোনো নেতিবাচক কথা বলতে চান না।
পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ টেনে সানি দেওল তার বাবা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর একটি কথা স্মরণ করে বলেন, ‘ভারত আমাদের মায়ের মতো, আর পাকিস্তান হলো আমাদের মাসি।’
একসময়ের অবিভক্ত ভূখণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, দুই দেশ একসময় একই ছিল এবং এখনো নানাভাবে তাদের সম্পর্ক যুক্ত।
সানির ভাষায়, ‘আমরা আবেগ নিয়ে কথা বলি না, কারণ একসময় পুরো দেশটি একই ছিল। আমার বাবা যেমনটি বলতেন— একটি আমাদের মা, আর অন্যটি মাসি। কোনো না কোনোভাবে আমরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত।’
চলচ্চিত্র ও বিনোদনকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমরা অভিনেতা ও গল্পকার। আমরা গল্প নির্বাচন করি এবং সিনেমা নির্মাণ করি। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, আর আমরা তা করতেও চাই না। সেই কারণেই এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
এসএন