ভারতের ঝাড়খণ্ডে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
১২:৩৫ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
ভারতের ঝাড়খণ্ডে বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। চলমান মৌসুমি বৃষ্টির সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসেও বাড়ছে প্রাণহানির সংখ্যা। খবর সামা টিভির
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার কৃষক। খোলা মাঠে ফসলের ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতের শিকার হন। মঙ্গলবারের (৪ আগস্ট) এই বজ্রপাতের ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু ঝাড়খণ্ডেই ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর বেশিরভাগই বজ্রঝড়ের সঙ্গে হওয়া বজ্রপাতের কারণে।
এদিকে, চলতি বছরের ভারী বর্ষণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের কেরালায় ভারী বৃষ্টিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আর বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন হাজারো মানুষ।
আরআই/টিএ