হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে
ছবি: সংগৃহীত
০৭:২৯ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) আদালতে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন।
কল রেকর্ডটি তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের মধ্যকার কথোপকথন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রমাণ হিসেবে উপস্থাপিত অডিও রেকর্ডে শোনা যায়, সাদ্দাম হোসেন তৎকালীন সেতুমন্ত্রীকে আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি, জমায়েত ও সংবাদ সম্মেলনের বিষয়ে অবহিত করছেন।
শিক্ষার্থীদের কর্মসূচির কথা শুনে সাদ্দাম হোসেনকে ওবায়দুল কাদের বলেছেন, 'তোমরা কিছু করো না কেন? মারো না কেন ওদের? চড়াও হতে দাও কেন ওদের?'
জবাবে সাদ্দাম হোসেন তাদের ‘নিষেধ করা হয়েছে’ জানালে ওবায়দুল কাদের বলেন, 'তোমরা বললা আজকে থেকে হালকা হয়ে যাবে সব। কই হালকা হইল? জমায়েত মানে এখানে জামায়াত আর বিএনপি যোগ হইছে।'
তখন সাদ্দাম হোসেন বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবেলা করার নির্দেশ’ পেলে তারা সেটি করতে পারবেন।
তবে সেদিন শাহবাগের দিকে বা আন্দোলনকারীদের মুখোমুখি হতে তাদের পুলিশ ও ‘বিপ্লব দা’র পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছে।
এই দুজনের মধ্যে ফোনালাপটি ২০২৪ সালের ১১ জুলাই হয় বলে জানায় প্রসিকিউশন। যেখানে ওবায়দুল কাদের সরাসরি ফোন করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশনা দেন।
এমআর/টিএ