© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রেতা সেজে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

শেয়ার করুন:
ক্রেতা সেজে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৫ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
রাজধানীর বনানীর একটি জুয়েলারি দোকানে ক্রেতা সেজে বিপুল পরিমাণ স্বর্ণালংকার কেনার চেষ্টা করতে গিয়ে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান। পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলারি দোকানে প্রবেশ করেন। তারা জানান, এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কিনতে চান। পরে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার পছন্দ করে বিল তৈরি এবং সেগুলো প্যাকেট করতে বলেন।

দোকান কর্তৃপক্ষ মূল্য পরিশোধ করতে বললে দুই ব্যক্তি একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হয়। যাচাই করে তারা বুঝতে পারেন, সেগুলো জাল নোট।

বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রুবেলের কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে পলাতক সহযোগী এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন