© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি? আলোচনায় আছেন কারা?

শেয়ার করুন:
কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি? আলোচনায় আছেন কারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৮ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এ অবস্থায় দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীদের একটি তালিকা ইতোমধ্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছেছে। তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং কর্মজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। এসব বিবেচনায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

দলীয় সূত্রগুলোর দাবি, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং আলতাফ হোসেন চৌধুরী।

এ ছাড়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মানবাধিকারকর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

তবে আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন তিনজন—ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, অরাজনৈতিক কোনো ব্যক্তির পরিবর্তে দলীয় নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনে শুধু রাজনৈতিক পরিচয় নয়, সাংবিধানিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক ভারসাম্য এবং ব্যক্তিগত ভাবমূর্তিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যিনি অভিজ্ঞ, সর্বজনগ্রহণযোগ্য এবং বিতর্কের ঊর্ধ্বে।

এসএন

মন্তব্য করুন