জামায়াত-এনসিপি মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
০৮:৪৬ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মব সৃষ্টি করে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, দেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ও এনসিপির আহ্বায়কের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে। তার দাবি, গতকাল সচিবালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয় ঘেরাও কর্মসূচির নামে মব সৃষ্টি করা হয়।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার ভাষ্য, জামায়াত একটি হঠকারী দল এবং সুযোগ পেলে তারা খুব অল্প সময়ের মধ্যেই সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিতে পারে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি তৈরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ ফিরে আসার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরআই/টিএ