ভোটারদের দু’বার ভোট দিতে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের দু’বার করে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইনে নর্থ ক্যারোলিনার ভোটারদের উদ্দেশ্যে এ আহ্বান জানান। নির্বাচনী প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতো চলছে কিনা তা পরখ করতেই তিনি ভোটারদের এ পরামর্শ দেন।
রয়টার্স ও সিএনএন পৃথক প্রতিবেদনে জানিয়েছে, দু’বার ভোট দেয়ার বক্তব্য দেয়ার পর থেকেই নর্থ ক্যারোলিনার নির্বাচনী কর্মকর্তাদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
দেশটির নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, নর্থ ক্যারোলিনার অধিবাসীদের দু’বার ভোট দিতে ট্রাম্প যে পরামর্শ দিয়েছেন, তাতে পুরো দেশেই ভোট জালিয়াতির মতো অপরাধকে উসকে দেয়া হয়েছে।
এদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৮১ নোবেল বিজয়ী। বুধবার এক খোলা চিঠিতে তাঁরা এ সমর্থন জানান। এছাড়া শতাধিক রিপাবলিকান নেতাও ডেমোক্রেটিক পার্টির বর্ষীয়ান নেতা জো বাইডেনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ‘মেইল ইন ভোট’ তথা ডাকে ভোট নেয়ার দাবি করেছেন। কিন্তু কারচুপির আশঙ্কায় তা মানতে নারাজ ট্রাম্প।
এদিকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ভোটারদের একবার সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে এবং আরেকবার মেইলের মাধ্যমে ভোট দেয়ার পরামর্শ দিয়েছি। যেন কোনো ভাবেই নির্বাচনে কারচুপি না হয়।
তবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পালিটিক্যাল সায়েন্সের অধ্যাপক রিক হাসেন বলেন, ট্রাম্প দেশের নাগরিকদের আইন লঙ্ঘনে উসকানি দিয়েছেন। আমেরিকানরা ট্রাম্পের এমন জঘন্য পরামর্শ মানবে না।
টাইমস/এসএন