পর্তুগালে গিয়ে বিদেশি নাগরিককে অপহরণ, ২ বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৩:৩৬ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ। ‘টাকা’ (TAKA) নামের একটি বিশেষ সাংকেতিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম ‘জরনাল দে নোতিসিয়াস’–এর প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার দুই বাংলাদেশির বয়স ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, গত ২৭ জুন লিসবনের একটি সড়ক থেকে ওই বিদেশি নাগরিককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর একটি বাসায় দুই দিন আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয়। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দিয়ে স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন অপহরণকারীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবিকৃত অর্থ পরিশোধের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং পরবর্তীতে লিসবনের জুডিশিয়ারি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে জুডিশিয়ারি পুলিশের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্ত শুরু করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে। পর্তুগিজ পুলিশের বিশেষ এই অপারেশনের নামকরণ করা হয় বাংলাদেশের জাতীয় মুদ্রা ‘টাকা’র নামে।
লিসবনের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক বিচারিক শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরআই/টিএ