কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব দিলেন ইয়াশ
ছবি: সংগৃহীত
০৯:২০ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন অভিনেতা ইয়াশ। সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, একজন অভিনেতাকে নিয়ে নেতিবাচক মন্তব্য হলে সেগুলো উপেক্ষা করে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত।
শনিবার বেঙ্গালুরুতে ‘টক্সিক’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার উদ্দেশে ইয়াশ বলেন, ‘এই সিনেমায় তুমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছ, তাতে তোমার নিবেদন স্পষ্ট। শুরুতে আমরা ভেবেছিলাম এত বড় তারকাদের একসঙ্গে পাওয়া কঠিন হবে। কিন্তু কিয়ারা খুবই সহজ-সরলভাবে কাজটি গ্রহণ করেছে।’

সমালোচনা নিয়ে ইয়াশ আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে তোমাকে যা কিছু সহ্য করতে হয়, দুর্ভাগ্যজনকভাবে সেসব নিয়ে ভাববে না। তুমি যা বিশ্বাস করো, সেটাই করো। মানুষ একদিন সেটার প্রশংসা করবে, উদ্যাপনও করবে। আসলে আমরা সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।’
সম্প্রতি ‘টক্সিক’–এর ‘টাবাহি’ গান প্রকাশের পর ইয়াশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। বিশেষ করে কিয়ারা বিবাহিত ও সদ্য মা হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করায় অনেকে তাকে কটাক্ষ করেন। যদিও একই দৃশ্যে অভিনয় করা ইয়াশও বিবাহিত ও সন্তানের বাবা, তার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম সমালোচনা হয়েছে।
এ প্রসঙ্গে এর আগে কিয়ারার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি নারী অভিনয়শিল্পীদের প্রতি এমন দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে বলেছিলেন, সিনেমার নারীরাই শেষ পর্যন্ত জয়ী হবেন।
এদিকে ‘টক্সিক’–এর পুরো অভিনয়শিল্পীকে নিয়ে আশাবাদী ইয়াশ। তিনি বলেন, ‘আমি টক্সিকের প্রতিটি অভিনেতাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সিনেমাটি মুক্তির পর দর্শক আপনাদের অন্যভাবে দেখবেন। আর একটা বিষয়ের জন্য দুঃখিত—আমরা সত্যিই আপনাদের অনেকটা চাপ দিয়েছি।’
সিনেমাটির কাজ যে তার জন্যও সহজ ছিল না, সেটিও অনুষ্ঠানে জানান ইয়াশ। দীর্ঘ সময় ধরে শুটিং এবং চরিত্রের জন্য একাধিক লুক নিতে হয়েছে তাকে।
‘টক্সিক’কে শুধু কন্নড় সিনেমা হিসেবে দেখতেও নারাজ ইয়াশ। তার ভাষায়, এটি বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিভাবানদের একত্র করা একটি ভারতীয় সিনেমা। তিনি বলেন, ‘এখন আর এটা কন্নড়, তামিল বা তেলেগু সিনেমা নয়। এটা একটি ভারতীয় সিনেমা। বিভিন্ন শিল্পের প্রতিভাবান মানুষ একসঙ্গে কাজ করছেন—এটাই এর সবচেয়ে বড় উদাহরণ।’
সিনেমায় ইয়াশের বোনের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। অভিনেত্রীর প্রশংসা করে ইয়াশ তাকে ‘সবচেয়ে দুর্দান্ত বোন’ বলে অভিহিত করেন। শুটিংয়ের জন্য সময়ের সংকট থাকলেও নয়নতারার নিবেদনের প্রশংসা করেন তিনি।
গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় ইয়াশ, কিয়ারা আদভানি ও নয়নতারা ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সূত্র: এনডিটিভি
আরআই/টিএ