সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০২:৫১ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
একটি নাম, একটি কণ্ঠ- পরিচয়ের জন্য এর বেশি কিছুর প্রয়োজন পড়ে না। উপমহাদেশের সংগীতাঙ্গনে এমনই এক অনন্য নাম রুনা লায়লা। কয়েক দশক ধরে সুরের মায়ায় শ্রোতাদের মুগ্ধ করে আসছেন এই কিংবদন্তি শিল্পী। আজ ১৭ নভেম্বর তার জন্মদিন। জীবনের ৭৪তম বসন্ত পেরিয়ে ৭৫ বছরে পা রাখলেন তিনি।
জন্মদিন উপলক্ষে ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেখানে সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে গান গাওয়ার সুযোগকে সৃষ্টিকর্তার দেওয়া উপহার হিসেবে উল্লেখ করে আরও অনেক দিন শ্রোতাদের জন্য গান গেয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন।
ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘সব ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা, তাদের অসামান্য ভালোবাসা ও সমর্থনের জন্য। তোমাদের জন্যই আজকের এই আমি। সৃষ্টিকর্তার কাছ থেকে আমি গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য আমি যেন আরো অনেক সময় ধরে গান করে যেতে পারি, এটাই চাওয়া।’
ভক্তদের উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘নিজেকে ভালোবাসো, একে-অপরকে ভালোবাসো। একে-অপরের যত্ন নাও। ধন্যবাদ সবাইকে।’
ভিডিও বার্তার পাশাপাশি সামাজিক মাধ্যমে একটি লিখিত বার্তাও প্রকাশ করেছেন এই শিল্পী। সেখানে জন্মদিনে পাওয়া অসংখ্য শুভেচ্ছা, ফোনকল, বার্তা ও দোয়ার কথা উল্লেখ করে নিজের ভাগ্যবান হওয়ার অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
লিখেছেন, ‘প্রতি বছর এই দিনে, ঠিক রাত বারোটা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো—তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’
শেষে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে আরও অনেক জন্মদিন সবার সঙ্গে কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, আর মা সংগীতশিল্পী। মামা সুবীর সেনও ছিলেন উপমহাদেশের পরিচিত সংগীতশিল্পী। ফলে ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠেন তিনি। বাবার চাকরির সুবাদে আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান রুনা। সেখানেই শুরু হয় তার সংগীতচর্চা।
শুরুর দিকে গানের চেয়ে নাচের প্রতিই বেশি আগ্রহ ছিল তার। তবে ধীরে ধীরে সংগীতের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’-তে ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে নেপথ্য গানে অভিষেক হয় তার। একই সময়ে পাকিস্তান টেলিভিশনেও গান গাওয়া শুরু করেন। ষাটের দশকেই উর্দু সিনেমা ও টেলিভিশনে নিয়মিত কণ্ঠ দিয়ে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়িকা হয়ে ওঠেন তিনি।
সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে নিজের অবস্থান তৈরি করেন রুনা লায়লা। বলিউডেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার কণ্ঠে ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ এবং ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি বিশেষ জনপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রে কাজের শুরুতেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে প্রতিভা ও কণ্ঠের জাদুতে সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে নিজের জায়গা শক্ত করেন এই শিল্পী।
বাংলা, হিন্দি ও উর্দুর পাশাপাশি পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ মোট ১৭টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। তার গানের সংখ্যা ১০ হাজারের বেশি বলে জানা যায়।
গান রেকর্ডিংয়েও রয়েছে তার বিশেষ কৃতিত্ব। সংগীত পরিচালক নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করেছিলেন তিনি। এই অসাধারণ কৃতিত্ব পরে গিনেস বিশ্ব রেকর্ডসে স্থান পায়।
পুরস্কার ও সম্মাননার ঝুলিও সমৃদ্ধ রুনা লায়লার। সাতবার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন। ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য গান, পুরস্কার ও অর্জনে সমৃদ্ধ রুনা লায়লার পথচলা। তবে জন্মদিনে তার নিজের চাওয়া আরও গান গেয়ে যাওয়া এবং ভক্তদের ভালোবাসার সঙ্গে পথচলা অব্যাহত রাখা। উপমহাদেশের সংগীতাঙ্গনে তার কণ্ঠের যে স্বতন্ত্র পরিচয়, তা সময়ের সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে।
এসএ/