© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রিসে নৌভ্রমণে ট্রুডো-কেটি পেরি, ফের আলোচনায় তাদের সম্পর্ক

শেয়ার করুন:
গ্রিসে নৌভ্রমণে ট্রুডো-কেটি পেরি, ফের আলোচনায় তাদের সম্পর্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ১০ আগস্ট, ২০২৬
দুই ভিন্ন জগতের দুই পরিচিত মুখ—কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরি। গত এক বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এবার গ্রিসে একসঙ্গে নৌভ্রমণ, প্রকাশ্যে ঘনিষ্ঠ মুহূর্ত এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত—সব মিলিয়ে ফের আলোচনায় উঠে এসেছে ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক।

ইউরোপ সফরের অংশ হিসেবে বর্তমানে গ্রিসে সময় কাটাচ্ছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। গত বুধবার (৫ আগস্ট) তাদের একসঙ্গে নৌভ্রমণে দেখা যায়। ৪১ বছর বয়সি পেরি ও ৫৪ বছর বয়সি ট্রুডোকে গ্রীষ্মের উপযোগী পোশাকে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে দেখা গেছে।

পেরির পরনে ছিল নকশাদার ব্যান্ডু টপ ও একই নকশার শর্টস। অন্যদিকে ট্রুডোর পরনে ছিল হালকা নীল লিনেনের শার্ট ও হালকা রঙের জিন্স। নৌভ্রমণের সময় দুজনকে বেশ প্রাণবন্ত ও ঘনিষ্ঠ দেখাচ্ছিল। একপর্যায়ে পেরিকে ট্রুডোর প্রতি স্নেহ প্রকাশ করতেও দেখা যায়।

কীভাবে শুরু সম্পর্কের গুঞ্জন

ট্রুডো ও পেরির সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় ২০২৫ সালের জুলাইয়ে। কয়েক মাসের জল্পনা-কল্পনার পর একই বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

এরপর চলতি বছরের শুরুতে ২৫তম ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বড় কোনো অনুষ্ঠানে একসঙ্গে লালগালিচায় হাজির হন তাঁরা। সেখানে পেরির কনসার্ট চলচ্চিত্র ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর—লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সম্পর্ক নিয়ে পেরি বলেছিলেন, জীবনের অনেক ক্ষেত্রেই তিনি এখন আগের চেয়ে বেশি স্থির অনুভব করছেন। তিনি গভীরভাবে প্রেমে পড়েছেন বলেও জানান।

পেরির ভাষায়, জীবনের ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয়ের পরই তাঁর ওই শো অনুষ্ঠিত হয়েছিল। সম্পর্কের কারণে নিজেকে আরও দৃঢ় ও স্থিতিশীল মনে হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্রুডোর আগে ছিলেন অরল্যান্ডো ব্লুম

জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কের আগে কেটি পেরির দীর্ঘদিনের সঙ্গী ছিলেন অভিনেতা অরল্যান্ডো ব্লুম। ২০১৬ সালে তাঁদের সম্পর্ক শুরু হয়। ২০১৯ সালের ভালোবাসা দিবসে তাঁদের বাগদান হয়।

তবে ২০২৫ সালের শুরুতে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। সাবেক এই জুটির একটি মেয়ে রয়েছে—ডেইজি ডাভ ব্লুম। ২০২০ সালে জন্ম নেওয়া মেয়েটির সহ-অভিভাবক হিসেবে দুজনই দায়িত্ব পালন করছেন।

বিচ্ছেদের পর তাঁদের প্রতিনিধিরা জানিয়েছিলেন, মেয়েকে ভালোবাসা, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে বড় করাই দুজনের প্রধান অগ্রাধিকার।

ট্রুডোরও ভেঙেছে দীর্ঘ দাম্পত্য

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০১৫ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।

ট্রুডো ও সোফির তিন সন্তান রয়েছে—জেভিয়ার, এলা-গ্রেস ও হাদ্রিয়েন।

সব মিলিয়ে ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক এখন আর কেবল গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রকাশ্যে একসঙ্গে সময় কাটানো, বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত হওয়া এবং একে অপরের প্রতি ঘনিষ্ঠতা—সবকিছুই তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিচ্ছে।

এসএন 

মন্তব্য করুন