আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও রাতদিন শুটিং করছেন দীপিকা!
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ১০ আগস্ট, ২০২৬
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে সাম্প্রতিক নানা বিতর্কের মুখোমুখি হলেও বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রাত-দিন এক করে শুটিং করছেন এই অভিনেত্রী। শারীরিক প্রতিকূলতাকে তুচ্ছ করে পুরোদমে চালিয়ে যাচ্ছেন অ্যাকশন দৃশ্যের কাজও।
কয়েক দিন আগেই আট ঘণ্টার বেশি কাজ করবেন না এমন শর্ত দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও আলোচিত ‘কল্কি ২’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা। তা নিয়ে সিনেপাড়ায় কম চর্চা হয়নি; এমনকি উঠেছিল ‘অপেশাদারিত্বে’র অভিযোগও। তবে সমস্ত চর্চা ও বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের কাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য নজির গড়েছেন এই নায়িকা।
বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার ঘরে আগামী অক্টোবরেই আসতে চলেছে তার ও রণবীর কাপুরের দ্বিতীয় সন্তান। তবে প্রথম সন্তানের সময়ের মতো এবার আর আগাম মাতৃত্বকালীন বিরতি নেননি তিনি।
শাহরুখ খানের ‘কিং’ ছবির কাজ শেষ করেই তিনি সরাসরি যুক্ত হয়েছেন পরিচালক অ্যাটলির মেগাবাজেট সিনেমা ‘রাকা’র শুটিংয়ে। আউটডোর লোকেশনে চুক্তি অনুযায়ী নিজের অংশের সব কাজ সন্তান জন্মের আগেই শেষ করে দেওয়ার জন্য দিন-রাত একটানা পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
‘রাকা’ ছবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আট মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও রাতের শিফটে শুটিং করছেন দীপিকা। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যেও শুটিং করছেন। সেটে দীপিকাকে এভাবে কাজ করতে দেখা সকলের জন্যই অনুপ্রেরণার। এটাও মনে রাখা উচিত যে, বাড়িতে ওঁর দেড় বছরের মেয়েও রয়েছে। তাই কাজের পর তাকেও সময় দিতে হয় অভিনেত্রীকে।
প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রে দীপিকাকে সম্পূর্ণ নতুন রূপে পাওয়া যাবে। চলতি মাসেই ‘রাকা’র কাজ পুরোপুরি শেষ করে চূড়ান্ত মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে গর্ভাবস্থার শেষ সময়ে এভাবে দিনরাত শারীরিক ঝুঁকি নিয়ে কাজ করায় প্রিয় অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন তার ভক্তরা।
এসএ/টিএ