© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ৫ ভারতীয় যুবককে ‌‌‘অপহরণ’ করল চীনা বাহিনী

শেয়ার করুন:
এবার ৫ ভারতীয় যুবককে ‌‌‘অপহরণ’ করল চীনা বাহিনী

ছবি সংগৃহীত

international-desk
০৫:১৬ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২০

ভারতের অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং অভিযোগ করেছেন, ভারতের পাঁচ নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সদস্যরা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রাজ্যের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে শনিবার ভোরে তাদের অপহরণ করা হয়।

অপহৃত পাঁচজন হচ্ছে- তনু বাকার, প্রশাত রিংলিং, নগরু দিরি, দোংতু এবিয়া ও তচ সিংকম। অপহৃতরা সবাই স্থানীয় তাজিন সম্প্রদায়ের।

অপহৃতদের একজনের ভাই প্রকাশ রিংলিংও টুইট করে এই অভিযোগ করেছেন। পরে সেই টুইটই রিটুইট করেন অরুণাচল প্রদেশের পাসিঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিনং এরিং।

টুইটে তিনি জানান, পাঁচ যুবককে পিপলস লিবারেশন আর্মির সদস্যরা অপহরণ করেছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। গত মার্চে আরও এক যুবককে অপহরণ করা হয়েছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ২১ বছরের ওই যুবক পরে ফিরে আসতে পেরেছিলেন।

অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায় জানিয়েছেন, এ দিন ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো অভিযোগ পুলিশ পায়নি। ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, যেখান থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে সেই সেরা-৭ এলাকা থেকে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ১০০ কিলোমিটার দূরে। ওই যুবকরা খুব ভোরে সেরা-৭ এলাকার জঙ্গলে গিয়েছিলেন গাছের গুল্ম সংগ্রহ করতে। তাদের ভোর পাঁচটা নাগাদ অপহরণ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।

অরুণাচল প্রদেশের পুলিশ জানিয়েছে, অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার সন্ধান নেয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন