© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন:
ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ এএম | ১১ আগস্ট, ২০২৬
বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদের সর্বোচ্চ দুই বছরের মেয়াদসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা পরিচালনা পর্ষদ দুই বছরের পরও দায়িত্ব পালন করতে পারবে।

সোমবার (১০ আগস্ট) ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার ক্ষমতাবলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত ৪৭(২) ধারার বিধান সাধারণভাবে প্রযোজ্য হবে না।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) উপধারায় এতদিন বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাতিল করা পরিচালনা পর্ষদের আদেশের মেয়াদ সময় সময় বাড়ানোর সুযোগ থাকলেও বর্ধিত মেয়াদসহ মোট মেয়াদ দুই বছরের বেশি না হওয়ার বিধান ছিল। এখন ব্যাংক-কম্পানির ক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না।

এর ফলে পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলাদেশ ব্যাংক যে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ করবে, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুই বছরের সর্বোচ্চ সীমা আর থাকছে না।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পরিচালনা পর্ষদের দুই বছরের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় তাদের মেয়াদ নিয়ে বাংলাদেশ ব্যাংক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যেই পরিচালনা পর্ষদের মেয়াদসংক্রান্ত এ পরিবর্তন আনা হলো।

কেএন/এসএন

মন্তব্য করুন