© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিষয়টি আর বাড়তে দেয়া ঠিক হবে না’-এমপি নাছিরকে শিশির মনিরের খোলা চিঠি

শেয়ার করুন:
‘বিষয়টি আর বাড়তে দেয়া ঠিক হবে না’-এমপি নাছিরকে শিশির মনিরের খোলা চিঠি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ১১ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে চলমান পারিবারিক বিরোধের বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানিয়ে ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘শিশির মনির মিডিয়া সেল’ থেকে চিঠিটি প্রকাশ করেন তিনি।

চিঠিতে চলমান পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে শিশির মনির লেখেন, ‘মাননীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেয়ার মতো শারীরিক/মানসিক অবস্থা আপনার নেই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন।’



তিনি জানান, বিষয়টি একসময় একান্তই পারিবারিক ছিল। তবে বর্তমানে তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

শিশির মনির চিঠিতে আরও লেখেন, ‘যেখানেই যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যারপরনাই উদ্বিগ্ন।’

চিঠির শেষাংশে তিনি সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে বিষয়টির দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু। তাই বিষয়টি আর বাড়তে দেয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন। এই প্রত্যাশায়।’

প্রসঙ্গত, গতকাল (১০ আগস্ট) সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে একটি মামলা করেন। মামলায় এমপির সৎ তিন ভাইসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ঠেকিয়ে তার সৎ ভাইয়েরা জমি লিখে নেন। মামলার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষাপটে সংসদ সদস্যকে বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানিয়ে খোলা চিঠি দেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আরআই/টিএ

মন্তব্য করুন