ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলায় ক্ষুব্ধ অভিনেতা প্রকাশ রাজ
ছবি: সংগৃহীত
১২:৫১ এএম | ১২ আগস্ট, ২০২৬
কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। চলমান এই প্রক্রিয়ায় বেঙ্গালুরু নির্বাচনী এলাকা থেকে যেসব ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, তাঁদের মধ্যে তিনিও একজন বলে দাবি করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
বর্তমানে কর্ণাটকের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বেঙ্গালুরু সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় শহরের একটি বড় অংশের ভোটার 'এএসভিডিও' (অনুপস্থিত, স্থানান্তরিত, নকল, মৃত ও অন্যান্য) বিভাগের অন্তর্ভুক্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় ৬১ বছর বয়সী অভিনেতা ব্যঙ্গাত্মক সুরে বলেন, 'এসআইআর প্রক্রিয়ার পর বেঙ্গালুরু থেকে যে লাখ লাখ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমি তাদেরই একজন। বেশ মজার কথা, তাই না? আমি এই নির্বাচনী এলাকাতেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানেই আমার স্কুল, কলেজ ও থিয়েটার জীবন কেটেছে। এমনকি আপনাদের অবগতির জন্য জানাই, আমি এই নির্বাচনী এলাকারই একজন এমপি প্রার্থী ছিলাম।'

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রকাশ রাজ বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে, গত মাসে একাধিক ভোটার আইডি কার্ড রাখার অভিযোগে দায়ের করা একটি মামলায় বেঙ্গালুরুর একটি নগর আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, যার পর তিনি শর্তসাপেক্ষে জামিন পান। অভিযোগকারীর দাবি ছিল, তিনি একাধিক রাজ্যের জন্য পৃথক ভোটার আইডি কার্ড নিজের কাছে রেখেছিলেন।
ভিডিও বার্তায় চিত্রনাট্যকার বরুণ গ্রোভারের ঐতিহাসিক প্রতিবাদী কবিতার সুর টেনে অভিনেতা বলেন, আমার ভোটার আইডি ফেরত পেতে কী কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, কী কী কাগজ দেখাতে হবে, দেখি তো।'
একই সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে তিনি জানান, ক্ষমতা ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া গেলেও সাধারণ মানুষের প্রতিরোধ থামানো যাবে না।
সূত্র: এনডিটিভি
এমআর/টিএ