বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি
ছবি: সংগৃহীত
০৯:৪৪ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি। তবে এবার ছবিটির প্রদর্শনী বন্ধের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটির অভিযোগ, সিনেমায় রাবণকে অহেতুক মহিমান্বিত করে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মহর্ষি বাল্মীকির রামায়ণের মূল কাহিনির সঙ্গে ছবির বেশ কিছু অমিল রয়েছে বলেও দাবি তাদের।
আজ (২১ নভেম্বর) দেওয়া এক লিখিত বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া বলেন, অবিলম্বে দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি।
বজরংলালের অভিযোগ, ‘রামায়ণ’ সিনেমার মধ্য দিয়ে মূলত রাজনৈতিক প্রচারের চেষ্টা করা হয়েছে। মহর্ষি বাল্মীকির রামায়ণের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ছবিতে উপেক্ষা করা হয়েছে বলেও দাবি তার। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অহল্যার শাপমুক্তি এবং নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্বের মতো ঘটনা রামায়ণের অবিচ্ছেদ্য অংশ। অথচ সিনেমায় এসব ঘটনার কোনো উল্লেখ নেই।
রাবণকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা নিয়েও আপত্তি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা। তার দাবি, রাবণ জ্ঞান, ভক্তি ও শক্তির অধিকারী হলেও নৈতিকতার দিক থেকে ছিলেন বিচ্যুত। অহংকারের বশে তিনি সৃষ্টির প্রতিটি জীবের ওপর অত্যাচার চালিয়েছিলেন। অথচ সিনেমায় তাকে কার্যত নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
বজরংলালের আরও অভিযোগ, ঋষি-মুনিদের সাধনা ও যজ্ঞে বাধা দেওয়া রাক্ষসদের দমন করতেই রাম অভিযান চালিয়েছিলেন। কিন্তু সিনেমায় বিষয়টিকে রাম ও রাবণের ব্যক্তিগত শত্রুতার রূপ দেওয়া হয়েছে। এতে রাম ও রামায়ণের প্রতি বিশ্বাস রাখা লাখো হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করেছে সংগঠনটি।
বিবৃতিতে বজরংলাল বলেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা সমাজ কখনো মেনে নেবে না। এ কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধের পাশাপাশি সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির অন্যতম প্রযোজকও যশ। নমিত মালহোত্রার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি।
গত ৫ নভেম্বর মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৪ কোটি ৬০ লাখ টাকা। তবে বক্স অফিসে সাফল্যের মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের এই আপত্তি ও প্রদর্শনী বন্ধের দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এসএ/