প্রাক্তনের দ্বিতীয় বিয়ে নিয়ে উর্মিলার রহস্যময় পোস্ট
ছবি: সংগৃহীত
১২:৫৫ পিএম | ১২ আগস্ট, ২০২৬
বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মোহসিন আখতার মীরের দ্বিতীয় বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রীতিভোজের ছবি পোস্ট করেন মোহসিন। ছবির সঙ্গে তিনি লেখেন, নতুন স্ত্রী শুধু তাঁর স্ত্রী নন, বরং তাঁর ঘর, শান্তি ও জীবনের সবচেয়ে প্রিয় অংশ। পাশাপাশি স্ত্রীর পাশে থাকার ও ভালোবাসার প্রতিশ্রুতিও দেন তিনি।
এর পরই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দেন উর্মিলা। সেখানে তিনি লেখেন, ‘আমি ভালোবাসা, বিশ্বস্ততা এবং সময়ের মতো দামি জিনিসগুলো পছন্দ করি।’ যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি বা কাউকে ট্যাগও করেননি। তবে নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের পোস্টের পরই এই বার্তা দিয়েছেন অভিনেত্রী।
২০১৬ সালে মোহসিন আখতার মীরের সঙ্গে বিয়ে হয় উর্মিলার। বয়সের ব্যবধান ও ভিন্ন ধর্মের কারণে সে সময় তাদের বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সম্পর্কে ভাঙন ধরে এবং তারা বিচ্ছেদের পথে হাঁটেন।

গত জুনে মোহসিন দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছিলেন। এবার প্রীতিভোজের ছবি প্রকাশের মাধ্যমে নতুন জীবনের আনুষ্ঠানিকতাও সামনে আনলেন তিনি।
এদিকে, উর্মিলার সঙ্গে একসময় পরিচালক রামগোপাল বর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও কয়েক মাস আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক। তিনি দাবি করেন, উর্মিলার সঙ্গে তার সম্পর্ক ছিল মূলত পেশাগত এবং অভিনেত্রী হিসেবে তার দক্ষতার কারণেই তিনি তাকে পছন্দ করতেন।
এসএন