ইসরায়েলের ঘাঁটিতে নোংরা খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ৩০ নারী সেনা
ছবি: সংগৃহীত
১১:৫৬ পিএম | ১২ আগস্ট, ২০২৬
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সদে বকের গাদনা ঘাঁটিতে গত কয়েক দিনে প্রায় ৩০ জন নারী কমান্ডো ও সেনা সদস্য বমি, ডায়রিয়া এবং পেটের তীব্র ব্যথায় আক্রান্ত হয়েছেন। এর জের ধরে ঘাঁটিটিতে প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা
হয়েছে।
হিব্রু ভাষার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অসুস্থতার প্রাদুর্ভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত সোমবার থেকে কর্তৃপক্ষ সমস্ত প্রশিক্ষণ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।
অসুস্থদের ঘাঁটির ভেতরেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। কতৃপক্ষ জানিয়েছে এই পরীক্ষাগুলোর ফলাফল সন্তোষজনক হওয়ার পরই তাদের পুনরায় প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া, গুরুতর লক্ষণ দেখা দেওয়ায় একটি মিনিবাসে করে কিছু সেনাসদস্যকে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে।
ঘাঁটিটি মূলত তরুণ প্রার্থীদের সামরিক জীবনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এক সপ্তাহব্যাপী গাদনা কর্মসূচি পরিচালনায় ব্যবহার করা হয়। পাশাপাশি, সাম্প্রতিক অপারেশনাল নানা সীমাবদ্ধতার কারণে ওভদা বিমান ঘাঁটির কিছু প্রশিক্ষণ কোর্সও বর্তমানে এখানে চালানো হচ্ছে।
ঘাঁটির সার্বিক পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে একজন বিমান বাহিনী নিয়োগপ্রাপ্ত সদস্য অভিযোগ করেন, সেখানকার রান্নাঘর অত্যন্ত নোংরা এবং পোকামাকড় ও তেলাপোকায় পূর্ণ, যার ফলেই এই অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক দিনে ঘাঁটির যেসকল সেনাসদস্য অসুস্থ বোধ করেছিলেন, তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, ক্যাফেটেরিয়ায় সেনা সদস্যদের প্রবেশ নিষিদ্ধ থাকার দাবিটি সঠিক নয়। প্রতিটি সেনাসদস্য তাদের শারীরিক অবস্থা অনুযায়ী খাবার ও বিশেষ যত্ন পাচ্ছেন। বর্তমানে এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত চলছে।
সূত্র: রয়া নিউজ
আরআই/টিএ