© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র থাকতে পারে: মার্কিন গোয়েন্দা তথ্য

শেয়ার করুন:
ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র থাকতে পারে: মার্কিন গোয়েন্দা তথ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
ইরানের অস্ত্রভাণ্ডারে এখনো দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন হওয়ায় গোয়েন্দাদের এই মূল্যায়নকে ‘স্বল্পমাত্রার নির্ভরযোগ্য’ বলে মনে করা হচ্ছে। তবে তেহরানের হাতে এখনো বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, এ বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত।

ইরানের ক্ষেপণাস্ত্রভাণ্ডারের সম্ভাব্য আকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলছে। বিশেষকরে, ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানো উচিত কি না, তা বিবেচনার ক্ষেত্রে দেশটির হাতে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এখনো দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এবং উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন করে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে তেহরান, এমনটাই দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। 

ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ‘তারা আবারও নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলছে এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে।’

এর আগে, গত সপ্তাহে, নিজেদের নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র ঘাঁটির উন্মোচন করে ইরান। এ সময় গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ব্লুমবার্গকে এক পশ্চিমা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেলেও দেশটির হাতে এখনো অন্তত ১ হাজার ৭শ' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে।

ওই কর্মকর্তার দাবি, ইরান প্রতি মাসে আরও প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ফলে সামরিক সক্ষমতা পুনর্গঠনের পাশাপাশি ক্ষেপণাস্ত্রের মজুতও বাড়ানোর চেষ্টা করছে তেহরান।

এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান কিংবা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের পক্ষ থেকে নতুন করে কোনো উসকানিমূলক পদক্ষেপ না এলে ইরানে হামলা আপাতত স্থগিত রাখতে পারেন তিনি। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা করেছেন ট্রাম্প।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক হামলার পক্ষে রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

গত ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও ইরানকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের বিষয়ে তার অবস্থানে পরিবর্তন আসেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এফআর/

মন্তব্য করুন