© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরডি বর্মনের বায়োপিকে অক্ষয়-ইমরান

শেয়ার করুন:
আরডি বর্মনের বায়োপিকে অক্ষয়-ইমরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন, অর্থাৎ আরডি বর্মনের বর্ণময় জীবন এবার উঠে আসতে চলেছে বড় পর্দায়। নীরজ পান্ডের পরিচালনায় এবং এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে এই বহুল প্রতীক্ষিত বায়োপিক। ছবিটি ঘিরে বলিপাড়ায় ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে তারকা কাস্টিং নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

সূত্রের খবর, ছবিতে কিংবদন্তি কৌতুকশিল্পী ও অভিনেতা মেহমুদের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। সত্তরের দশকের জনপ্রিয় এই তারকার সঙ্গে আরডি বর্মনের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। তরুণ বয়সে আরডি বর্মনকে স্বাধীন সুরকার হিসেবে কাজ করার বড় সুযোগ দিয়েছিলেন মেহমুদ। ‘ছোট নবাব’ ছবিতে সুর দেওয়ার সুযোগ পাওয়ার পরই শুরু হয় আরডি বর্মনের সফল সংগীতযাত্রা। তাই বায়োপিকে মেহমুদের চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

ছবির অন্যতম বড় চমক অক্ষয় কুমার। সূত্রের দাবি, সত্তরের দশকের সুপারস্টার রাজেশ খান্নার চরিত্রে দেখা যাবে বলিউডের এই খিলাড়িকে। আরডি বর্মনের সুরে রাজেশ খান্নার একাধিক গান সে সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। ফলে দুই কিংবদন্তির পেশাগত সম্পর্ক ও সংগীতের রসায়নও ছবিতে বিশেষভাবে উঠে আসতে পারে।

ইমরান ও অক্ষয়ের পাশাপাশি ছবিতে আরও বেশ কয়েকজন পরিচিত তারকার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্মাতারা আরডি বর্মনের ব্যক্তিগত জীবন, বন্ধুত্ব, প্রেম, সাফল্য এবং সংগীতজগতের নানা অজানা অধ্যায় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।

বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে শুটিং। আরডি বর্মনের সুরের জাদু ও তাঁর জীবনের নানা নাটকীয় অধ্যায় বড় পর্দায় কীভাবে ফুটে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষায় অনুরাগীরা।

এসএ/এসএন

মন্তব্য করুন