© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন হিন্দি সিনেমার জগতে পা রাখতে চাননি শ্রীদেবী?

শেয়ার করুন:
কেন হিন্দি সিনেমার জগতে পা রাখতে চাননি শ্রীদেবী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
বলিউডে যাঁকে একসময় বলা হতো রূপের রানি, সেই শ্রীদেবীই নাকি প্রথমে হিন্দি সিনেমার জগতে পা রাখতে চাননি। কারণ, বলিউডের প্রতিযোগিতায় গিয়ে নিজের জায়গা হারিয়ে ফেলার ভয় ছিল তাঁর।

দক্ষিণী সিনেমায় শ্রীদেবীর সাফল্যের শুরু অনেক আগেই। তামিল, তেলুগু ও মালয়ালম ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করার পর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা। ১৯৭৭ সালে পরিচালক ভারতীরাজার ‘১৬ বয়থিনিলে’ ছবিতে অভিনয় করে জাতীয় স্তরে ব্যাপক পরিচিতি পান শ্রীদেবী। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন কমল হাসান ও রজনীকান্ত।

এরপর ১৯৭৯ সালে ভারতীরাজা ছবিটির হিন্দি রিমেক তৈরি করেন ‘সোলোঁওয়া সাওয়ান’ নামে। মূল চরিত্রে তিনি আবারও শ্রীদেবীকেই বেছে নেন। কিন্তু হিন্দি ছবির এই প্রস্তাব পেয়ে প্রথমেই রাজি হননি অভিনেত্রী।



জানা যায়, বলিউডে তখনকার তীব্র প্রতিযোগিতা নিয়ে শ্রীদেবীর মনে আশঙ্কা ছিল। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি ইতিমধ্যেই পরিচিত মুখ। সেখানে প্রতিষ্ঠিত অবস্থান ছেড়ে নতুন একটি ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি অন্য নায়িকাদের ভিড়ে হারিয়ে যান—এই ভয়ই তাঁকে পিছিয়ে দিচ্ছিল।

তবে শ্রীদেবীর প্রতিভার ওপর ভারতীরাজার ছিল অগাধ বিশ্বাস। পরিচালক নিজেই তাঁকে সাহস দেন এবং সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। শেষ পর্যন্ত তাঁর কথাতেই বলিউডে পা রাখেন শ্রীদেবী।

যদিও ‘সোলোঁওয়া সাওয়ান’ তাঁকে সঙ্গে সঙ্গে বলিউডের শীর্ষে পৌঁছে দেয়নি, কিন্তু চার বছর পর বদলে যায় সব হিসাব। ১৯৮৩ সালের ‘হিম্মতওয়ালা’ ছবির সাফল্যের পর শ্রীদেবীর জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে।

এরপর একের পর এক সফল ছবি তাঁকে পরিণত করে বলিউডের অন্যতম বড় তারকায়। যে ইন্ডাস্ট্রিতে আসতে ভয় পেয়েছিলেন, শেষ পর্যন্ত সেই বলিউডেই নিজের এমন জায়গা তৈরি করেছিলেন শ্রীদেবী, যা আজও অমলিন।

এসএ/এসএন

মন্তব্য করুন