জেলের ভেতরের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
ছবি: সংগৃহীত
০৭:৫৬ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক-সংক্রান্ত মামলায় ২০২০ সালে ২৮ দিন জেলে কাটাতে হয়েছিল বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সেই অভিজ্ঞতা আজও তার জীবনের অন্যতম বড় শিক্ষা বলে মনে করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রিয়া বলেন, তার কাছে জেলের ভেতরের মানুষ অনেক ক্ষেত্রেই বাইরের মানুষের চেয়ে ভালো মনে হয়েছে। সম্প্রতি কৌতুকশিল্পী তন্ময় ভাটের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রিয়া। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিনেত্রীর ভাষায়, “আমার মনে হয় জেলের ভেতরের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো। অন্তত নারী বিচারাধীন বন্দিদের মধ্যে যাদের দেখেছি, তাদের অনেকেই নির্দোষ। সেখানে কোনো সামাজিক অবস্থান বা পরিচয়ের পার্থক্য নেই। সবাই সমান, সবার পরিচয় শুধু একটি নম্বর।”
২০২০ সালের ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক-সংক্রান্ত তদন্তে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়াকে গ্রেপ্তার করে।

বিচারাধীন বন্দি হিসেবে তিনি ২৮ দিন কারাগারে ছিলেন। পরে ৭ অক্টোবর জামিনে মুক্তি পান। জেলজীবনের স্মৃতি তুলে ধরে রিয়া বলেন, সেখানে নারী বন্দিরা একসঙ্গে গান গাইতেন, নাচতেন এবং সময় কাটানোর জন্য নানা কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব অভিজ্ঞতা তাঁকে মানুষকে নতুন দৃষ্টিতে দেখতে শিখিয়েছে। জেলের খাবার নিয়েও মজার মন্তব্য করেন রিয়া।
তিনি জানান, কারাগারের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখছেন। বইটির সম্ভাব্য নাম রেখেছেন ‘চুড়াইল কা বদলা’। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শেষ হওয়ার পর জীবনে আসা পরিবর্তনের কথাও বলেন তিনি। রিয়ার ভাষ্য, দীর্ঘদিন পর পাসপোর্ট ফিরে পেয়ে প্রথমবার বাবা-মায়ের সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়ে ইমিগ্রেশনে কোনো বাধা ছাড়াই অনুমতি পাওয়াটা তাঁর কাছে অদ্ভুত লেগেছিল।
এ ছাড়া, জেল থেকে মুক্তির পর চলচ্চিত্র অঙ্গনের অনেকের আচরণও বদলে যায় বলে দাবি করেন রিয়া। তাঁর মতে, তিনি কোনো কক্ষে ঢুকলেই আশপাশের মানুষের কথাবার্তার পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে যেত।
উল্লেখ্য বর্তমানে রিয়া চক্রবর্তী করণ জোহর প্রযোজিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস ২’-এ অংশ নিচ্ছেন।
এসএ/টিএ