নরওয়ের তারকা হলান্ডের ছবিযুক্ত প্যাকেটে মিলল ৩৬৯ কেজি কোকেন
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হলান্ডের মুখচ্ছবি বিলবোর্ড, ট্রেডিং কার্ড কিংবা টেলিভিশনের পর্দায় দেখা যাওয়ার বিষয়টি নতুন কিছু না হলেও এবার এক অবাক করা জায়গায় তার ছবি পাওয়া গেছে। ইকুয়েডরের পুলিশ কলম্বিয়া সীমান্তসংলগ্ন এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোকেন জব্দ করেছে, যার প্যাকেজে প্রিন্ট করা ছিল এই ফুটবল তারকার ছবি। গত বুধবার (১২ আগস্ট) এই মাদক জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, প্যান-আমেরিকান হাইওয়েতে বেনামি সূত্রের খবরের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের তলায় একটি গোপন কুঠুরি থেকে সবুজ রঙের ৩৬৯ কেজি বা ৮১৩ পাউন্ড ওজনের মোট ৩৭০টি প্যাকেজ উদ্ধার করা হয়। তবে প্যাকেজগুলোতে কেন হলান্ডের ছবিসংবলিত স্টিকার ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে পুলিশ কোনো ব্যাখ্যা দেয়নি। মাদক পাচারকারীরা সাধারণত কোন অপরাধ চক্রের পণ্য এবং কার কাছে পৌঁছাবে তা চিহ্ণিত করতে এভাবে বিখ্যাত ক্রীড়াবিদ ও সেলিব্রিটিদের নাম বা ছবি ব্যবহার করে থাকে।

গত জুলাই মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে চার ম্যাচে সাত গোল করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আর্লিং হল্যান্ড। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে তিনি অন্যতম সেরা ও ক্যারিশমাটিক গোলদাতা ছিলেন। এর আগেও মাদক চোরাকারবারীদের পণ্যে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির মতো তারকাদের ছবি ব্যবহারের নজির রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবারের এই অভিযানে কলম্বিয়ান পরিচয়পত্রধারী মারিয়া আর, নামের এক নারীকে রাজধানী কিতোর উত্তর দিকে তুলকান সীমান্ত শহরের কাছে গুয়াগুয়া নেগ্রো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য স্থানীয় বাজারে প্রায় ৮ লাখ ৪২ হাজার ডলার, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১১ মিলিয়ন ডলার এবং ইউরোপে প্রায় ১ কোটি ৯৬ লাখ ডলার (১ কোটি ৭০ লাখ ইউরো)। ইকুয়েডর মূলত ড্রাগ পাচারের একটি ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেখান থেকে মূলত কলম্বিয়া ও পেরুর মাদক মধ্য আমেরিকার রুট হয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাঠানো হয়।
সূত্র: সিএনএন
এমআর/টিএ