প্রীতি জিনতাকে প্রথমবার দেখে মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই ছিলাম: কানিকা কাপুর
ছবি: সংগৃহীত
১০:০৮ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
দীর্ঘ বিরতির পর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী কানিকা কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কানিকা বলেন, ছোটবেলা থেকেই প্রীতি জিনতা ছিলেন তাঁর ‘ক্রাশ’। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কানিকা বলেন, “প্রীতি ম্যাম ছিলেন আমার শৈশবের ক্রাশ। ‘কোই... মিল গয়া’-এর মতো সিনেমা দেখে বড় হয়েছি। তাঁকে প্রথমবার সামনে দেখে শুধু তাকিয়েই ছিলাম। আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম।”
তিনি জানান, পর্দার বাইরেও প্রীতি ঠিক ততটাই প্রাণবন্ত, যতটা তাঁকে সিনেমায় দেখা যায়। কানিকার ভাষায়, “তিনি খুবই আন্তরিক, মজার মানুষ। সব সময় হাসিখুশি থাকেন এবং আশপাশের সবাইকে হাসিয়ে রাখেন।
তাঁর ইতিবাচক শক্তি আমার খুব ভালো লেগেছে।” কানিকা আরো জানান, ‘বাটওয়ারা ১৯৪৭’-এর স্ক্রিন টেস্টের একটি মুহূর্ত তিনি কখনো ভুলবেন না। একটি আবেগঘন দৃশ্যে অভিনয় শেষে পরিচালক ‘কাট’ বলার পর চারপাশে হাততালির শব্দ শুনতে পান। চোখের পানি মুছে দেখেন, প্রীতি জিনতা দাঁড়িয়ে তাঁর জন্য হাততালি দিচ্ছেন।
এরপর প্রীতি তাঁকে জড়িয়ে ধরে অভিনয়ের প্রশংসা করেন। কানিকার ভাষায়, “তিনি বলেছিলেন, ‘তুমি খুব ভালো অভিনয় করেছ, তোমাকে বিশ্বাসযোগ্য লেগেছে।’ এই কথাগুলো আমি সব সময় মনে রাখব।” ছবিটিতে সানি দেওল ও করণ দেওলের সঙ্গেও কাজ করেছেন কানিকা। তিনি বলেন, পরিচালক রাজকুমার সন্তোষীর মতো বড় নির্মাতার ছবিতে সুযোগ পাওয়ায় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন। একটি ধাওয়া করার দৃশ্য বাস্তবসম্মত করতে পুরো রাত দৌড়াতে হলেও তিনি পিছিয়ে যাননি।
আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবিটির মাধ্যমে ২০১৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর আবারও বড় পর্দায় দেখা যাবে প্রীতি জিনতাকে।
এসএ/টিএ