এবার গভীর রাতে গৃহবধূর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ আটক যুব জামায়াত নেতা
ছবি: সংগৃহীত
০১:০০ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে আতিকুল ইসলাম নামের স্থানীয় এক যুব জামায়াত নেতাকে ‘আপত্তিকর অবস্থায়’ আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আটক আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি এবং ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বুধবার তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। এ সুযোগে গভীর রাতে গৃহবধূর ঘরে প্রবেশ করেন যুব জামায়াত নেতা আতিক।
বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে আতিকের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে চড়-থাপ্পড় মেরে সেখান থেকে নিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, জামায়াত নেতা আতিক কিছুদিন আগে আমার পুত্রবধূর সঙ্গে সখ্য গড়ে তোলেন। বুধবার রাতে আমার চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরিয়ে থরথর করে কাঁপতে থাকেন এবং তড়িঘড়ি করে লুঙ্গি বদলে প্যান্ট পরে নেন। পরে প্রতিবেশীরা এসে তাদের আটক করে।
সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার জানান, আতিক জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত এটা সত্য, কিন্তু কোনো পদে আছেন তা জানি না। বুধবার রাতে তাকে এলাকাবাসী আপত্তিকর অবস্থায় আটক করেছিল।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, এটি ষড়যন্ত্র, আমার সঙ্গে আমির হোসেন হাওলাদারের বিরোধ রয়েছে। এ জন্য তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছেন।
বিষয়টি সম্পর্কে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তাকে একজন জানিয়েছেন। তবে বিস্তারিত তথ্য না জেনে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিষয়টি দফারফা হয়ে যায়। এখন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।
কেএন/এসএন