৫ বছর পর ‘বেপরোয়া’ নিয়ে বড় পর্দায় ফিরছেন আদৃত
ছবি: সংগৃহীত
০৩:৩৮ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
প্রেম, আবেগ আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে বড় পর্দায় ফিরছেন আদৃত রায়। প্রায় পাঁচ বছর পর সিনেমায় কামব্যাক করছেন এই অভিনেতা। তাঁর নতুন সিনেমার নাম ‘বেপরোয়া’। সিনেমাটি পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ।
‘বেপরোয়া’তে আদৃতের বিপরীতে অভিনয় করেছেন আরিয়া রায়। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। প্রকাশিত টিজারে আদৃত ও আরিয়ার রসায়ন নজর কেড়েছে। একই সঙ্গে সম্পর্কের জটিল সমীকরণও উঠে এসেছে টিজারে।
প্রচলিত প্রেমের গল্পের বাইরে গিয়ে নির্মিত হয়েছে ‘বেপরোয়া’। ভালোবাসার শুরু থেকে সম্পর্কের টানাপোড়েন, আবেগ, মানসিক দ্বন্দ্ব এবং বিচ্ছেদের পর একজন মানুষের বদলে যাওয়ার গল্পই সিনেমাটির মূল উপজীব্য। প্রেমে আঘাত পাওয়ার পর আদৃতের চরিত্র কীভাবে বদলে যায়, সেটিই গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

টিজারে আদৃতকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। তাঁর একটি সংলাপ ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে—‘ভালোবাসা মারা গিয়েছে, শ্রাদ্ধ তো করতেই হয়।’ আরেকটি সংলাপে বলা হয়েছে, ‘রাগ, দুঃখ, মন খারাপ সব সামলে নেওয়া যায়, কিন্তু ভালোবাসার সবথেকে খারাপ সাইড এফেক্ট হল নিজের সেলফ রেসপেক্ট হারানো।’ এসব সংলাপ থেকেই গল্পের আবেগ ও দ্বন্দ্বের আভাস মিলেছে।
টিজার প্রকাশের পর অনেকেই সিনেমাটিতে ‘কবীর সিং’-এর আবহ খুঁজে পেয়েছেন। তবে আদৃতকে এই সিনেমায় একেবারেই নতুন রূপে দেখা যাবে বলে মনে করছেন তাঁর ভক্তরা।
২০২৩ সালে সিনেমাটির কাজ শুরু হয়েছিল। সে সময় ছবিটির নাম ‘পাগল প্রেমী’ হওয়ার কথা শোনা যায়। নানা জটিলতায় কাজ থেমে গেলেও শেষ পর্যন্ত ‘বেপরোয়া’ নামে ফিরছে সিনেমাটি। এসভিএফের ব্যানারে নির্মিত ছবিটি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএ/এসএন