ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ছবি: সংগৃহীত
০৬:৫২ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কার এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে 'শান্তিপূর্ণ বিপ্লব' ও 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের' ডাক দিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুক। স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে এমন সব নিঃস্বার্থ ও নির্ভীক মানুষের নাম প্রস্তাব করার আহ্বান জানান, যারা দেশের ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারেন।
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে গড়ে তুলতে হলে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন তিনি। তার মতে, গত ৫০ বছরে মাথাপিছু আয়ের দিক থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো ভারতের চেয়ে অনেক এগিয়ে গেছে। এই ধারা অব্যাহত থাকলে ভারত বৈশ্বিক অর্থনীতিতে পিছিয়ে পড়বে।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলে উল্লেখ করেন ওয়াংচুক। তিনি বলেন, শাসনব্যবস্থার বর্তমান সংকটের জন্য কোনো একক রাজনৈতিক দল দায়ী নয়। ২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে তিনি জানান, ক্ষমতার পালাবদল হলেও দুর্নীতি দূর হয়নি, বরং তা আরও নতুন ও ভয়ংকর রূপ নিয়েছে।
তার এই সমালোচনা কোনো নির্দিষ্ট দল বা বিরোধীদের বিরুদ্ধে নয়, বরং সমগ্র দেশের স্বার্থে। তিনি জানান, দেশের সার্বিক উন্নতির জন্য একটি বড় পরিবর্তন বা 'শান্তিপূর্ণ বিপ্লব' প্রয়োজন। সঠিক নেতা নির্বাচন না করা পর্যন্ত দেশ ভুল পথে চলবে বলে তিনি সতর্ক করেন।
আইনপ্রণেতাদের অপরাধের রেকর্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ওয়াংচুক। তিনি বলেন, সংসদের প্রায় অর্ধেক সদস্যের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে এবং এক-তৃতীয়াংশের বিরুদ্ধে খুন বা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি দেশের সেরা ও নিঃস্বার্থ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
সূত্র: ইন্ডিয়া টুডে
এমআর/টিএ