© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আওয়ারাপন ২’-এ ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি

শেয়ার করুন:
‘আওয়ারাপন ২’-এ ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
বলিউডের তারকা অভিনেতা ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তি পাচ্ছে শুক্রবার (১৪ আগস্ট)। মূল সিনেমাটি মুক্তির প্রায় দুই দশক পর মুক্তি পাচ্ছে এর সিক্যুয়েল। এতে শিবম পন্ডিত চরিত্রে ফিরছেন সিরিয়াল কিসার ইমরান। বক্স অফিসে ‘বাটোয়ারা ১৯৪৭’-এর মুখোমুখি হবে সিনেমাটি।

এদিকে ‘আওয়ারাপন ২’ মুক্তির মাধ্যমে অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তথ্য উঠে এসেছে। শোনা যাচ্ছে, সিক্যুয়েলটিতে কাজের জন্য মূল সিনেমার তুলনায় ১০ গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন ইমরান হাশমি। বিপরীতে শাবানা আজমিকে দিশা পাটানির থেকেও কম পারিশ্রমিক দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা ইমরান হাশমি ২০০৭ সালে ‘আওয়ারাপন’ সিনেমায় শিবম পন্ডিত চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সিক্যুয়েলে তার প্রত্যাবর্তনকেই বড় আকর্ষণ হিসেবে দেখা যাচ্ছে। এই প্রত্যাবর্তন চরিত্রের জন্য আনুমানিক ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। যিনি এই প্রোজেক্টের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনয়শিল্পী। এর আগে ‘আওয়ারাপন’ সিনেমায় তার পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি।



ধারণা করা হচ্ছে, নতুন পরিস্থিতি ও নতুন সব চরিত্রের মধ্য দিয়ে শিবম পন্ডিতের কাহিনি সামনের দিকে এগিয়ে নেয়া হবে। মূল সিনেমাটি মোহিত সুরির পরিচালনায় অভিনয় করেছিলেন শ্রীয়া শরন।

এদিকে, ‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী দিশা পাটানি। তিনি এর জন্য প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর অ্যাকশন থ্রিলারের সঙ্গে যুক্ত খলনায়িকার চরিত্রে অভিনয় করা অন্যতম প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি পেয়েছেন ২ থেকে ৫ কোটি রুপির মধ্যে। তবে এর পার্শ্বচরিত্রে থাকা সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলিসহ অন্যদের পারিশ্রমিক প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০০৭ সালে মূল সিনেমা মোহিত সুরি পরিচালনা করলেও এবার পরিচালনার আসনে পরিবর্তন এসেছে। এবার ‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। এবারের গল্প লিখেছেন বিলাল সিদ্দিকী। ‘ভে জুনুন’, ‘ইয়ে আওয়ারাপন’ ও ‘তেরা মেরা রিশতা কন্টিনিউজ’র মতো গান জায়গা করে নিয়েছে এবারের সিক্যুয়েলে।

এসএ/এসএন

মন্তব্য করুন