অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই
ছবি: সংগৃহীত
০৮:২৪ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
ভারতীয় সংগীতশিল্পে অটো-টিউন ব্যবহার নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও সমালোচনা রয়েছে। অনেকেই মনে করেন, অনভিজ্ঞ বা কম দক্ষ গায়কেরাই এই প্রযুক্তির আশ্রয় নেন। তবে এই আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম।
এই গায়ক স্বীকার করেছেন, নিজের কিছু গানেও তিনি অটো-টিউন ব্যবহার করেছেন। তার মতে, ডিজিটাল সংগীতে কণ্ঠস্বর সামান্য এদিক-সেদিক হলেও তা শ্রুতিকটু শোনাতে পারে। এ কারণেই কণ্ঠকে ঠিক করতে অটো-টিউনের প্রয়োজন হয়।
সম্প্রতি ‘গেম চেঞ্জার্স’ পডকাস্টে অতিথি হয়ে অটো-টিউনের ব্যবহার নিয়ে কথা বলেন সনু নিগম। সংগীতজগতে অটো-টিউন নিয়ে নানা সমালোচনা থাকলেও তিনি মনে করেন, প্রযুক্তিটির ব্যবহার ইতিবাচক পরিবর্তন এনেছে।

সনু বলেন, ‘অটো-টিউনের যুগে অনেক পরিবর্তন এসেছে। মানুষ এটি নিয়ে অনেক খারাপ কথা বলে। কিন্তু আমি বলি, যা হয়েছে, ভালোই হয়েছে।’ গায়ক জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অটো-টিউন ছাড়াই নিয়মিত রেওয়াজ করতেন তারা। তবে এখন সংগীতের ধরন অনেকটাই বদলে গেছে। তার ভাষ্য, আগে গান রেকর্ড করার সময় সারেঙ্গি, স্ট্রিংসসহ বিভিন্ন বাদ্যযন্ত্র সরাসরি বাজানো হতো। ফলে শিল্পীর কণ্ঠে সামান্য ওঠানামা থাকলেও পুরো সংগীতের সঙ্গে তা মানিয়ে নেওয়া সম্ভব হতো।
নিজের গানে অটো-টিউনের ব্যবহার স্বীকার করলেও সনু মনে করেন, এই প্রযুক্তি দিয়ে গাইতেই পারেন না এমন কাউকে গায়ক বানানোর চেষ্টা করা উচিত নয়। তিনি বলেন, একজন শিল্পীকে নিজের সামর্থ্যের ৯৯ শতাংশ দিতে হবে, এরপর অটো-টিউনের মাধ্যমে সেটিকে ১০০ শতাংশে নেওয়া যেতে পারে।
অভিনেতাদের গানে অটো-টিউন ব্যবহারের বিষয়েও ইতিবাচক সনু। তার মতে, কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য গান গাইতে চাইলে অটো-টিউনের সাহায্য নিতে পারে। তবে এতে পেশাদার গায়কদের জায়গা নেওয়া উচিত নয়।
এসএ/এসএন