© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা

শেয়ার করুন:
অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
বর্তমান সময়ে স্মার্টফোনে আসক্তি অনেকের জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। শিশু থেকে বয়স্ক বিভিন্ন বয়সী মানুষই দিনের বড় একটি সময় ফোনে কাটান। তবে অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে শারীরিক সমস্যায় পড়তে হতে পারে, সেই অভিজ্ঞতাই এবার জানালেন ভারতের দক্ষিণী সিনেমার পরিচিত অভিনেত্রী শাকিলা।

সম্প্রতি ঘাড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে অভিনেত্রীকে। এ চিকিৎসায় তার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। শাকিলার দাবি, দীর্ঘ সময় মোবাইলে গেম খেলা এবং ভিডিও দেখার অভ্যাস থেকেই তার ঘাড়ে গুরুতর সমস্যা তৈরি হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সবাইকে অতিরিক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।



অভিনেত্রী জানান, একসময় মোবাইল ফোনের প্রতি তার আসক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে ঘণ্টার পর ঘণ্টা গেম খেলতেন। কখনও কখনও টানা চার ঘণ্টাও ফোনে ব্যস্ত থাকতেন। খাওয়া-দাওয়ার জন্য কিছুক্ষণ উঠলেও আবার ফোন হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়তেন। গেম খেলার পাশাপাশি নিয়মিত রিলসও দেখতেন তিনি।

এভাবে দীর্ঘদিন ফোন ব্যবহারের অভ্যাস চলতে থাকার একপর্যায়ে ঘাড়ে গুরুতর সমস্যা দেখা দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় তাকে। নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরে শাকিলা বলেন, কোনো কিছুর ব্যবহার প্রয়োজনের সীমা ছাড়িয়ে গেলে সেটিই বিপদের কারণ হয়ে উঠতে পারে।

বর্তমানে অবশ্য আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী। তিনি জানান, চেন্নাইয়ের মেডওয়ে হাসপাতালে তার চিকিৎসা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে নেক কলার ব্যবহার করতে হবে।

অস্ত্রোপচারের পর ফোন ব্যবহার থেকেও নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন শাকিলা। একই সঙ্গে অন্যদেরও প্রয়োজনের অতিরিক্ত সময় মোবাইল ফোনে না কাটানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএ/এসএন

মন্তব্য করুন