যুক্তরাষ্ট্র থেকে ‘ইসলামোফোবিয়া’ দুর করা হবে : জো বাইডেন
নির্বাচনে বিজয়ী হলে মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ডেমোক্রেটিক দলের এই প্রার্থী বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র থেকে ইসলামোফোবিয়া দুর করা হবে। এটা একটা খোঁড়া অজুহাত মাত্র। মুসলমানদের পরিকল্পিত ভাবে বিতর্কিত করা হচ্ছে।
শনিবার ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘সামাজিক ও বর্ণগত ন্যায়বিচারের জন্য সংগ্রাম’ স্লোগানে এবারের মুসলিম সম্মেলনে জো বাইডেন তার বক্তৃতায় বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর ওপর অভিবাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এছাড়া মুসলিম আমেরিকানদের মার্কিন প্রশাসনের প্রতিটি স্তরের অংশীদার করা হবে।
শনিবারের ওই বক্তব্যে জো বাইডেন আরও বলেন, মুসলিম সম্প্রদায় সম্পর্কে পরিকল্পিত ভাবে ‘ইসলামোফোবিয়া’ ছড়ানো হচ্ছে। নানা ভাবে মুসলমানদের ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। মুসলিম, কৃষ্ণাঙ্গ ও অশ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে আমি শান্তি, সমতা ও অধিকারের ব্যাপারে আশ্বস্ত করতে চাই।
জো বাইডেন এমন সময় মুসলমানদের পাশে থাকার ঘোষণা দিলেন, যখন যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া বেড়েই চলেছে। প্রতিদিনই দেশটিতে নানা বঞ্চনার শিকার হচ্ছে মুসলিমরা। এছাড়া মুসলিমদের বিরুদ্ধে অভিবাসনসহ বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে আইএসএনএ-এ বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম-আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন দেশটির মুসলিমরা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী শনিবার মুসলমানদের সংগঠন আইএসএনএ’র বার্ষিক এ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সমাবেশের একটি বলে মনে করা হয়। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অবশ্য সবকিছুই ‘ভার্চুয়ালি’ অনুষ্ঠিত হচ্ছে।
টাইমস/এসএন