© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন সংগীতায়োজনে ফিরছে আইয়ুব বাচ্চুর ২০টি গান

শেয়ার করুন:
নতুন সংগীতায়োজনে ফিরছে আইয়ুব বাচ্চুর ২০টি গান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান এবার ফিরছে নতুন সংগীতায়োজনে। ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’র মতো শ্রোতাপ্রিয় গানগুলো নতুন করে গাইবেন দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী।

আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট উপলক্ষে ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ এই অ্যালবামটি ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। শুধু গান প্রকাশেই সীমাবদ্ধ থাকছে না উদ্যোগটি। এই প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।

জানা গেছে, ‘উত্তরাধিকার’ অ্যালবামে অংশ নিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল।

একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর গানগুলো কে গেয়েছেন, তার তালিকাও বেশ বৈচিত্র্যময়। দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’ এবং এ কে রাহুল ‘মন চাইলে মন’।



একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল মুন ‘হকার’, কনক আচার্য্য ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’ গেয়েছেন।

২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। তবে তাঁর গান, গিটারবাদন ও সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি আজও শ্রোতাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। জীবদ্দশায় নিজের কিছু স্বপ্নের কথাও জানিয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী। তাঁর সেই স্বপ্ন পূরণে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

২০২০ সালে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। পরে গত বছরের ৯ জুলাই এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই নতুন সংযোজন ‘উত্তরাধিকার’ প্রকল্প। প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, কিছুদিন আগে ফেরদৌস আক্তার তাঁকে ফোন করে ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ইচ্ছার কথা জানান। এরপর তাঁর জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশের প্রস্তাব আসে। আলোচনা শেষে ২০টি গান নিয়ে তৈরি হয় ‘উত্তরাধিকার’।

এর আগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার গণমাধ্যমে বলেছিলেন, ‘বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই আমি নিজেকে সার্থক মনে করব। চেষ্টা চালিয়ে যাচ্ছি। কবে তা পূরণ হবে, এখনো বুঝতে পারছি না। কারণ যে স্বপ্ন আইয়ুব বাচ্চু দেখেছেন, তা পূরণে পৃষ্ঠপোষকতা খুব জরুরি।’

গান প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন বাস্তবায়নের পথেও এগোচ্ছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও তাঁর পরিবার। আইয়ুব বাচ্চুর গিটারপ্রেম ছিল সর্বজনবিদিত। অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র—বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামী ব্র্যান্ডের গিটার সংগ্রহ করেছিলেন তিনি।

তাঁর স্মৃতিবিজড়িত ‘ফেন্ডার স্ট্রাটোকাস্টার’, আইভানেজের ‘জেম সেভেনটি সেভেন’সহ প্রায় ৫০টি গিটার নিয়ে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে পরিবারের। বর্তমানে মগবাজারের বাসায় সংরক্ষিত এসব গিটার। আইয়ুব বাচ্চুর স্ত্রী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার যত্নে আগলে রেখেছেন স্মৃতিবিজড়িত এসব বাদ্যযন্ত্র।

এসএ/টিএ



মন্তব্য করুন